শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক দক্ষতা এবং উদ্যোক্তা মানসিকতার বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) ও ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ বাংলাদেশের (এনবিইআর) যৌথ উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পিসিআইইউ– এনবিইআর প্রজেক্ট ফেয়ার অ্যান্ড বিজনেস আইডিয়া কনটেস্ট ২০২৬’। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের (এনবিইআর) চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ও পুরস্কার বিতরণী পর্বে সভাপতিত্ব করবেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। নিবন্ধন ও উদ্বোধনী পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। এরপর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও ব্যবসায়িক ধারণা প্রদর্শন ও উপস্থাপন করবেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৩৭টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। দিনব্যাপী এ আয়োজনের পর অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। বিজয়ী ৩টি দলকে ১০ হাজার, ৮ হাজার ও ৬ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে।












