পায়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া সীতাকুণ্ডের রফিকুল ইসলাম রাব্বিকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও নগদ অর্থ দেন। এ সময় রাব্বির দিনমজুর বাবার জন্য একটি দোকানঘর নির্মাণের ঘোষণা দেন তিনি। পাশাপাশি ভিটেমাটিহীন রাব্বির বসবাসের জন্য ঘর নির্মাণেরও আশ্বাস দেন।
ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, রফিকুল ইসলাম রাব্বির দুটি হাত নেই। এরপরও পায়ে লিখে সব প্রতিবন্ধকতা জয় করে সে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেছে। এর আগে এসএসসি পরীক্ষায়ও সে জিপিএ–৫ পেয়েছিল। তার এ অর্জনে সীতাকুণ্ডবাসী গর্বিত। উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।
রফিকুল ইসলাম রাব্বি ভাটিয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব হাসনাবাদ গ্রামের দিনমজুর বজলুর রহমানের ছেলে। তিনি চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ–৫ পেয়েছেন।
২০১৬ সালের ৫ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভাটিয়ারী ওভারব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রাব্বি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর প্রাণে বাঁচলেও হারাতে হয় দুই হাত। তবে তার ইচ্ছাশক্তি দমে যায়নি। পা দিয়ে লিখেই পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাজাম্মল হোসেন, রাব্বির বাবা বজলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।











