পাহাড়, বন, নদী ও সংস্কৃতির অনন্য সমন্বয়ে গড়ে ওঠা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের পর্যটন মানচিত্রে এখনো এক অপার সম্ভাবনার নাম। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জীবনধারা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির সমন্বয়ে গঠিত এই অঞ্চল শুধু ভ্রমণের স্থান নয়; এটি হতে পারে অভিজ্ঞতাভিত্তিক পর্যটন ও স্থানীয় অর্থনৈতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই সম্ভাবনাকে সুপরিকল্পিতভাবে কাজে লাগানোর ক্ষেত্রে ইনবাউন্ড ট্যুরিজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশ্ব অর্থনীতিতে পর্যটন এখন আর কেবল বিনোদননির্ভর একটি খাত নয়; বরং এটি কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, আঞ্চলিক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান এই শিল্পের কার্যপরিধি প্রধানত তিনটি ভাগে বিভক্ত ডোমেস্টিক ট্যুরিজম, ইনবাউন্ড ট্যুরিজম এবং আউটবাউন্ড ট্যুরিজম। এর মধ্যে ডোমেস্টিক ট্যুরিজম দেশের অভ্যন্তরীণ পর্যটন কার্যক্রমকে গতিশীল রাখে, আর ইনবাউন্ড ট্যুরিজম বিদেশি পর্যটকদের একটি দেশের পর্যটন গন্তব্যে ভ্রমণে উৎসাহিত করে। উভয় ক্ষেত্রই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষ করে ইনবাউন্ড ট্যুরিজমের মাধ্যমে বিদেশি পর্যটকদের ব্যয় বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে এবং পর্যটনকেন্দ্রিক বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও সক্রিয় করে।
বাংলাদেশে ইনবাউন্ড ট্যুরিজমের সম্ভাবনাময় গন্তব্যগুলোর মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিশেষভাবে উল্লেখযোগ্য। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পাহাড়, বন, নদী, ঝর্ণা, কাপ্তাই হ্রদ, সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য এ অঞ্চলকে একটি স্বতন্ত্র পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি করেছে। পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জীবনধারা, খাদ্যসংস্কৃতি, হস্তশিল্প ও উৎসব পর্যটকদের জন্য একটি অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি করতে পারে।
বর্তমান বিশ্বে পর্যটনের ধরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। পর্যটকরা এখন শুধু দর্শনীয় স্থান দেখার মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না; তারা প্রকৃতির সঙ্গে সংযোগ, স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতা এবং নতুন ধরনের ভ্রমণ–অনুভূতি খোঁজেন। এই পরিবর্তিত প্রবণতার সঙ্গে পার্বত্য চট্টগ্রামের বৈশিষ্ট্যের রয়েছে গভীর সামঞ্জস্য। অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ট্রেকিং, প্রকৃতি পর্যবেক্ষণভিত্তিক পর্যটন, নৌপথভিত্তিক ভ্রমণ এবং সংস্কৃতিনির্ভর পর্যটনের ক্ষেত্রে এ অঞ্চলের রয়েছে উল্লেখযোগ্য সম্ভাবনা।
আন্তর্জাতিক অভিজ্ঞতাও এই সম্ভাবনার পক্ষে শক্তিশালী যুক্তি উপস্থাপন করে। নেপাল ট্রেকিং ও পর্বতারোহণভিত্তিক পর্যটনের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। ভুটান উচ্চ মূল্য সংযোজনকারী, নিম্ন প্রভাবসম্পন্ন পর্যটন (High Value, Low Impact Tourism) নীতির মাধ্যমে সীমিত সংখ্যক পর্যটককে উচ্চমানের সেবা প্রদান করে পরিবেশ ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন সফল প্রকৃতিনির্ভর পর্যটন গন্তব্যের অভিজ্ঞতা দেখায় যে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, নিরাপদ পর্যটনব্যবস্থা এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে পাহাড়ি ও পরিবেশভিত্তিক পর্যটন দীর্ঘমেয়াদে উন্নয়নের একটি শক্তিশালী ভিত্তি হয়ে উঠতে পারে।
এই অভিজ্ঞতাগুলো থেকে একটি বিষয় স্পষ্ট পর্যটনের প্রকৃত সাফল্য শুধু পর্যটকের সংখ্যা বৃদ্ধির ওপর নির্ভর করে না; বরং নির্ভর করে পর্যটকের গুণগত মান, ব্যয়ক্ষমতা, অবস্থানকাল এবং স্থানীয় অর্থনীতিতে তার অবদানের ওপর। একজন আন্তর্জাতিক পর্যটক কেবল একটি হোটেল বা আবাসন ব্যবস্থার গ্রাহক নন; তিনি পরিবহন, রেস্টুরেন্ট, স্থানীয় গাইড, নৌভ্রমণ, হস্তশিল্প, কৃষিপণ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্ষুদ্র উদ্যোক্তাদেরও ভোক্তা। ফলে একজন পর্যটকের ব্যয় অর্থনীতির বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে, যা অর্থনীতিতে পর্যটনের বহুগুণক প্রভাব (Tourism Multiplier Effect) নামে পরিচিত। অর্থাৎ, পর্যটন থেকে সৃষ্ট আয় ধাপে ধাপে অর্থনীতির বিভিন্ন খাতে ছড়িয়ে পড়ে এবং কর্মসংস্থান, উৎপাদন ও আয় বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে বহুগুণে সমপ্রসারিত করে।
পার্বত্য চট্টগ্রামে ইনবাউন্ড ট্যুরিজম সমপ্রসারিত হলে এই বহুমাত্রিক অর্থনৈতিক প্রবাহ আরও শক্তিশালী হতে পারে। স্থানীয় জনগণের পরিচালিত হোমস্টে, ইকো–লজ, কমিউনিটি–ভিত্তিক পর্যটন, ঐতিহ্যবাহী হস্তশিল্প, পাহাড়ি খাদ্য এবং সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য গাইডিং, আতিথেয়তা, পরিবহন, তথ্যপ্রযুক্তিনির্ভর পর্যটনসেবা এবং ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে নতুন কর্মক্ষেত্র তৈরি হওয়ার সুযোগ রয়েছে।
তবে পর্যটন বিকাশের সঙ্গে পরিবেশ ও সংস্কৃতি সংরক্ষণের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। অনিয়ন্ত্রিত পর্যটন যেমন প্রাকৃতিক সম্পদ ও স্থানীয় সংস্কৃতির ওপর চাপ সৃষ্টি করতে পারে, তেমনি দায়িত্বশীল ও পরিকল্পিত পর্যটন পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে ভারসাম্য তৈরি করতে পারে। বন ও জীববৈচিত্র্য রক্ষা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, স্থানীয় সংস্কৃতির মর্যাদা বজায় রাখা এবং কমিউনিটির অংশগ্রহণ এসব উপাদান ভবিষ্যৎ পর্যটন ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি।
বিশ্ব পর্যটন বাজারে গ্রহণযোগ্যতা তৈরির ক্ষেত্রে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দক্ষ গন্তব্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রেও বিদেশি পর্যটকদের জন্য অনুমতি (পারমিট/ছাড়পত্র) গ্রহণের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজবোধ্য ও কার্যকর করা, আন্তর্জাতিক মানের গন্তব্য ব্যবস্থাপনা (ডেস্টিনেশন ম্যানেজমেন্ট) নিশ্চিত করা এবং সমপ্রদায়ভিত্তিক পর্যটনের (কমিউনিটি–বেইজড ট্যুরিজম) কার্যকর চর্চা গড়ে তোলা এসব উদ্যোগ দেশে আগত বিদেশি পর্যটন (ইনবাউন্ড ট্যুরিজম) খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে নিরাপদ যোগাযোগব্যবস্থা, প্রশিক্ষিত ট্যুর গাইড, বহুভাষিক তথ্যসেবা, ডিজিটাল বুকিং সুবিধা এবং কার্যকর পর্যটন বিপণন একটি অঞ্চলকে বৈশ্বিক পর্যটকদের কাছে আরও পরিচিত করে তুলতে পারে।
পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় শক্তি শুধু তার পাহাড় নয়; বরং প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির অনন্য সহাবস্থান। এই বৈচিত্র্যকে সংরক্ষণ করেই পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক মূল্য সৃষ্টি করা সম্ভব। কারণ কোনো গন্তব্যের প্রকৃত সাফল্য শুধু পর্যটকের আগমনে নয়; বরং সেই পর্যটনের সুফল কতটা স্থানীয় মানুষের জীবন ও অর্থনীতিতে প্রতিফলিত হচ্ছে, তার ওপর নির্ভর করে।
বর্তমান বৈশ্বিক পর্যটন প্রবণতার আলোকে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ইনবাউন্ড ট্যুরিজম বিকাশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের অংশগ্রহণের মধ্যে ভারসাম্য রেখে এগিয়ে যেতে পারলে এই অঞ্চল শুধু একটি আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হিসেবেই নয়, বরং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনৈতিক বিকাশের একটি অনন্য উদাহরণ হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারে। পাহাড়ের সৌন্দর্যকে সংরক্ষণ করে মানুষের সম্ভাবনার সঙ্গে যুক্ত করাই হতে পারে পার্বত্য চট্টগ্রামের পর্যটনের ভবিষ্যৎ পথ।
লেখক : ডিরেক্টর, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ(টোয়াব)।










