বাংলা নাটক ও সংস্কৃতিকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া। আগামী ৬ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব প্ল্যাটফর্ম সান ড্রামা। আর প্রথম প্রযোজনা হিসেবেই দর্শকদের সামনে আসছে পারিবারিক গল্পনির্ভর নাটক ‘ছোট ছেলে’। খবর বাংলানিউজের। নাটকটিতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরশ খান এবং অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ আরও একঝাঁক অভিনয়শিল্পীকে। পারিবারিক সম্পর্ক, আবেগ, দায়িত্ববোধ ও প্রজন্মের টানাপোড়েনকে উপজীব্য করে নির্মিত নাটকটির রচয়িতা মেজবা উদ্দিন সুমন। নির্মাণ করেছেন আনিসুর রহমান রাজিব।












