আগামী পহেলা নভেম্বর থেকে চট্টগ্রাম কাস্টমসের সাতটি শাখার কার্যক্রম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হচ্ছে। গতকাল দৈনিক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন। প্রথম ধাপে স্থানান্তর হওয়া শাখাগুলো হচ্ছে–৮(সি), ৮(ডি) এবং সাব–টিম–১২, ১৩, ১৪, ১৫ ও ১৬। পর্যায়ক্রমে আগামী এক মাসের মধ্যে পুরো কাস্টমসের সকল কার্যক্রম ওয়ার্ল্ড সেন্টারে পরিচালিত হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম চেম্বারের মালিকানাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১ লাখ ৫৬ হাজার ৬০০ বর্গফুট অফিস ও ৮ হাজার বর্গফুট জায়গা ভাড়ার চুক্তি হয়। চলতি বছরের ৫ মে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চুক্তিটি সই হয়। তৎকালীন চেম্বার প্রশাসক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন এবং চট্টগ্রাম কাস্টম হাউসের তৎকালীন কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন চুক্তিতে সই করেন। বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন ভবন নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে সেখান থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে। পুরো কার্যক্রম ১ ডিসেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পরিচালনার কথা রয়েছে।












