বিধানসভা নির্বাচনের ভোট গণনার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টান টান উত্তেজনার অবসান ঘটতে চলেছে আজ সোমবার। আজ দুপুরের মধ্যেই স্পষ্ট হতে পারে শেষ হাসি কে হাসতে চলেছেন– মোদী না মমতা। পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য এবারকার মতো হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা আর দেখা যায়নি। খবর বিডিনিউজের।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের দল তৃণমূলের হার না মানা লড়াই, দুমাস ব্যাপী প্রচারের পরীক্ষা এবং ২৩ ও ২৯ এপ্রিলে দুই দফার ভোটে রেকর্ডসংখ্যক ভোটার উপস্থিতির পর এবার ফল হাতে পাওয়ার পালা। তাই প্রহর গুনছেন দুই দলের নেতা, কর্মী, সমর্থকরা। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস উভয়ই। যদিও বুথফেরত সমীক্ষাগুলোতে পাওয়া গেছে মিশ্র বার্তা। কিছু সীমক্ষা বলছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে। আবার কিছু সমীক্ষায় বলা হয়েছে, সামান্য ভোটের ব্যবধানে তৃণমূল ক্ষমতা ধরে রাখতে পারে। স্থানীয় সময় সোমবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট। এরপর ইভিএম গণনা শুরু করা হবে। দুপুর ১২টা থেকে ১টার মধ্যে বেশিরভাগ আসনের প্রাথমিক প্রবণতা বা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যেতে পারে। তবে পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত ফল পেতে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত সময় লেগে যেতে পারে।
এবারের নির্বাচনে শুরু থেকেই নজর ছিল ভবানীপুর আসনের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেখানে লড়াইয়ে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরের পাশাপাশি, এবার নন্দীগ্রাম আসনের ফল কী হয়, সে দিকেও নজর রয়েছে সবার। গত বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকেই মমতাকে পরাস্ত করেছিলেন শুভেন্দু। এবার সেই আসনে শুভেন্দুর বিপরীতে লড়ছেন তৃণমূলের পবিত্র কর।














