পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে (পিএ) গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়াতে তিনি হামলার শিকার হন বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে। নিহত ব্যক্তির নাম চন্দ্রনাথ রথ। তার বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায়। বুধবার রাতে চন্দ্রনাথের গাড়ি পিছু নেন হামলাকারীরা। তারা দোহারিয়া এলাকায় চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। বিজেপির স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে বুদ্ধদেব বেরা নামে এক যুবক ছিলেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৯৩ আসনের মধ্যে ২০৬টি আসন জিতে নিয়ে প্রথমবারের মত পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি; আর মাত্র ৮১টি আসনে জিতে ভরাডুবির মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সংগ্রেসকে।
মমতা এবার নিজের ভবানীপুর আসনেও জিততে পারেননি। সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে।
বিজেপির একটি সূত্রের বরাতে আনন্দবাজার লিখেছে, ভবানীপুরে শুভেন্দুর হয়ে যে দলটি কাজ করেছে, তার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন চন্দ্রনাথ। একই দলে কাজ করেছেন গুলিবিদ্ধ বুদ্ধদেবও।
বিধানসভা নির্বাচনেরর ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গে পাল্টাপাল্টি হামলা–ভাঙচুরের ঘটনায় প্রাণহানিও ঘটেছে। চন্দ্রনাথের মৃত্যুর আগে নির্বাচনি সহিংসতায় চারজনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এর মধ্যে হাওড়ার উদয়পুর ও রাজারহাট নিউ টাউনে তৃণমূল সমর্থকরা দুই বিজেপি কর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ মোদীর দলের। অন্যদিকে মমতা বন্দোপাধ্যায়ের দল বলছে, বীরভূমের নানুর এবং কলকাতার বেলেঘাটায় বিজেপি কর্মীরা তাদের দলের দুই সদস্যকে খুন করেছে।
নতুন বিজেপি সরকারের শপথ ৯ মে : এদিকে আগামী ৯ মে (শনিবার) রাজ্য সরকারের শপথ নেবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সেদিনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। গতকাল পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এ কথা নিশ্চিত করে জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, শনিবার সকাল ১০টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ অনুষ্ঠান আয়োজিত হবে।














