যেকোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। গতকাল সোমবার সকালে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে এসব কথা বলেন তিনি।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ময়মনসিংহ সেক্টরের অধীনে ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় তিনটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। সীমান্তে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এছাড়া সামপ্রতিক সময়ে ১১টি ঘটনায় ১৪১ জনকে পুশ–ইন প্রতিহত করা হয়েছে। চারজন মানব পাচারকারীকে আটক এবং ১৩ জনকে পাচারের হাত থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ৭০ জন মাদক চোরাকারবারিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।











