যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সোমবারই পদত্যাগ করতে পারেন আর তার বিদায়ের একটি সময়সূচি নির্ধারণ করতে পারেন বলে খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম অবজারভার। খবর বিডিনিউজের।
তবে সরকারের একটি সূত্র দাবি করেছে, স্টারমার এখনো রাষ্ট্র পরিচালনার কাজেই মনোযোগী রয়েছেন। গত কয়েক মাস ধরে স্টারমারের নেতৃত্ব নিয়ে যে সংকট তৈরি হয়েছে, শুক্রবার তা আরও তীব্র হয়। এদিন তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি উপনির্বাচনে জয়ী হন, যা তাকে আনুষ্ঠানিকভাবে স্টারমারের নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর পথ তৈরি করে দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবকাশ যাপনের জন্য নির্ধারিত সরকারি বাসভবন চেকার্স–এ স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। তবে লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারা ধারণা করছেন, সোমবারের মধ্যেই তার ভবিষ্যৎ নিয়ে একটি স্পষ্ট বিবৃতি আসতে পারে। অবশ্য এক সরকারি সূত্র জানায়, স্টারমার তার কাজে মগ্ন আছেন আর এ বিষয়ে আগে দেওয়া তার বিবৃতির দিকে ইঙ্গিত করেছেন। শুক্রবার স্টারমার বলেছেন, তার নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে তিনি প্রস্তুত।










