নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা সোমবার রাত ২টা নাগাদ চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাণিজ্যিক জাহাজ হতে অবৈধভাবে খালাসকৃত প্রায় ৫৩ লক্ষ ৬১ হাজার টাকা মূল্যের ১ হাজার ৭৬৫ ক্যান বিদেশি বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি ও ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্য ও সিগারেটের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে বলেও কোস্ট গার্ড জানিয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।












