পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সপ্তম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টায় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সীতাবিধু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রীর নাম টিসা আকতার (১৩)। সে ওই এলাকার আনু মিয়ার কন্যা। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে টিসাকে বকুনি দেয় তার মা। এতে অভিমান করে টিসা ঘরের বিমের খুঁটিতে গামছা পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করে। পরে স্থানীয় ও পরিবারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত স্কুলছাত্রীর বাবা আনু মিয়া বলেন, আমি রাজমিস্ত্রির কাজ করি। ঘটনা কী হয়েছে জানি না। মা বকাঝকা করায় সে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামতে আত্মহত্যার বিভিন্ন ধরণ শনাক্ত করা গেছে। এর বাইরে অন্য কোনো কারণ থাকলে ময়নাতদন্ত শেষে জানা যাবে।













