পটিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার ও সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বানিয়া পাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দের নেতৃত্বে এই অভিযানে ৩৫ লিটার চোলাই মদসহ তপন দাশকে (৩৬) গ্রেপ্তার করা হয়। তপন ওই ইউনিয়নের বটতলী পাড়ার মৃত মনোহরি দাশের ছেলে।
এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণপাড়া এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মো. ফারুক (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। এসআই থোয়াইছামং চাকমা নয়নের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ফারুক কঙবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত সালেহ আহমেদের ছেলে। তিনি বর্তমানে পটিয়া পৌরসভায় ভাড়া বাসায় থাকেন। গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। এদিকে সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিসহ পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সাজাপ্রাপ্ত আসামি তপন দাশ ওরফে তপন সেন, পরোয়ানাভুক্ত আসামি মো. দিদারুল আলম ও মো. আবু তালেব। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার পাঁচ আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।













