পটিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার বিকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালক বিভাগে দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১–০ গোলে উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ বিভাগে শ্রেষ্ঠ গোলদাতা হয় মো. সিফাত। অন্যদিকে বালিকা বিভাগে বাথুয়া সাবিত্রীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১–০ গোলে ছনহরা জ্যোতিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগের শ্রেষ্ঠ গোলদাতা হয় সিজতা মুনতাহা আঁখি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. জামাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, জুবায়েত খান, বিষু দে। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।













