পটিয়ায় পুলিশ পরিচয়ে গভীর রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল। একই সঙ্গে একটি বাড়ির সিসি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে যায় তারা।
গত রোববার দিবাগত রাত আড়াইটায় উপজেলার কচুয়াই ইউনিয়নের পূর্ব আজিমপুর আলী মিয়ার বাপের বাড়িতে প্রবাসী মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ নুরুল ইসলামের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী নুরুল ইসলামের বাবা মোহাম্মদ সিরাজ পেশায় কৃষক। রাতে বাড়ির পাশে ফসল পাহারা দিতে তিনি ঘর থেকে বের হন। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা ডাকাতদল ঘরে প্রবেশ করে। প্রথমে নিজেদের পুলিশ পরিচয় দিলেও পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা। ডাকাতরা ওই বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। পরে গলায় ছুরি ধরে নুরুল ইসলামের মা রাজিয়া বেগমকে দিয়ে প্রতিবেশী সিরাজের ঘরের দরজা খুলতে বাধ্য করে। সেখানেও পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে ডাকাতরা। পরে দ্বিতীয় তলায় সংরক্ষিত সিসি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে যায় তারা।
প্রবাসী নুরুল ইসলাম রুবেল বলেন, তারা (ডাকাকদল) প্রথমে নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে আমি বুঝতে পারি, তারা ডাকাত। তাদের সঙ্গে ধস্তাধস্তি করলে আমাকে চড়–থাপ্পড় দিতে শুরু করে। তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র ছিল।
স্থানীয় বাসিন্দা ফাহিম বলেন, ডাকাতদল চলে যাওয়ার পর প্রতিবেশী নুরুল ইসলাম তাদের বাড়িতে এসে ডাকাতির খবর দেন। পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান।
স্থানীয়রা জানান, ডাকাতদল এলাকায় প্রবেশের সময় স্থানীয় পিকআপচালক তারেককেও জিম্মি করে। ডাকাতির খবর যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে জন্য তাকে জিম্মি করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।












