পটিয়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম বলেছেন, দুর্যোগের এই সময়ে পটিয়ার কোনো মানুষকে একা ফেলে রাখা হবে না। পানিবন্দী ও আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রত্যেকের খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে পটিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। কোথাও ঘরে ঘরে পানি, কোথাও রান্নাঘর ডুবে গেছে, কোথাও আবার ছোট শিশু ও বৃদ্ধদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হয়েছে পরিবারগুলোকে। এমন দুর্বিষহ বাস্তবতার মধ্যেই ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে গিয়ে বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এনামুল হক এমপি।
আশ্রয়কেন্দ্রে পৌঁছে তিনি নারী, শিশু ও বয়স্কদের সঙ্গে কথা বলেন। কার ঘরে কতটুকু পানি উঠেছে, কারা এখনো না খেয়ে আছেন, কার ওষুধ প্রয়োজন, কোথায় বিশুদ্ধ পানির সংকট এসব বিষয়ে খোঁজ নেন তিনি। এসময় আশ্রয় নেওয়া অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের সদস্যদের হাতে মানবিক সহায়তা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম, ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, বিএনপি নেতা আহম্মদ আলী, ইমতিয়াজ একরাম, এন আই করিম, শাহ আলম চৌধুরী, নুরল আবছার, বেলাল উদ্দীন, মোহাম্মদ উল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম নয়ন, রেজাউল করিম মিজান, যুবদল নেতা এস এম রেজা রিপন, কুতুব উদ্দিন আজিম, আরমান সুমন, সালাউদ্দীন জাবেদ রবিন, মানিক, আরাফ আলী চৌধুরী, আশরাফুল আলম, আবদুল বারেক, মমতাজ উদদীন, নুর হোসেন, আব্বাস উদ্দিন, রেজাউল করিম বাপ্পী, শিবলু চৌধুরী, আশিক প্রমুখ।











