নগরীর আগ্রাবাদ হাউসিং সোসাইটি, গুলবাগ আবাসিক ও পাহাড়তলী গ্রীণভিউ আবাসিক এলাকায় খাবার ও ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
এ সময় সাঈদ আল নোমান এমপি বলেন, দুর্যোগ সাময়িক হলেও মানুষের দুর্ভোগ অনেক সময় দীর্ঘস্থায়ী হয়। তাই দুর্যোগ শেষ হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার দায়িত্ব কখনো থেমে যেতে পারে না। মানবিক সহায়তা, পুনর্বাসন এবং মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দুর্যোগকবলিত এলাকার মানুষের খোঁজখবর নেওয়া, প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো অব্যাহত রয়েছে। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুখ–দুঃখে পাশে থাকাই আমাদের প্রধান দায়িত্ব। শুধু দুর্যোগের সময় নয়, দুর্যোগ–পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে। যেসব পরিবার ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবানদের ঐক্যবদ্ধভাবে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষের কল্যাণে সবাই একসঙ্গে কাজ করলে যেকোনো দুর্যোগের ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।











