পটিয়ায় ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. রাকিব (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কেলিশহর ইউনিয়নের দারোগার হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি টেক্সিও জব্দ করা হয়েছে। রাকিব কেলিশহর ইউনিয়নের পূর্ব রতনপুর সিকদার বাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দারোগার হাট এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তারের পাশাপাশি ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনের কাজে ব্যবহৃত সবুজ রঙের একটি পুরোনো সিএনজি টেক্সি জব্দ করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আসলাম (৩৫) নামে আরেক মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।











