পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

পটিয়ায় আগুনে পুড়ে গেছে ঘরবাড়ি, চোখের সামনে শেষ হয়ে গেছে দীর্ঘদিনের সঞ্চয় ও প্রয়োজনীয় জিনিসপত্র। আকস্মিক অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে যখন দিশেহারা চারটি অসহায় পরিবার, তখন নগদ অর্থ সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন সালাম মিঠু। শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরুল গ্রামের চৌধুরী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের সদস্যদের হাতে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।

সহায়তা দেওয়ার সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সাইফুদ্দিন সালাম মিঠু। তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে দুর্যোগের এই সময়ে পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন। এ সময় সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, অগ্নিকাণ্ডে পরিবার গুলো শুধু ঘর হারায়ননি, তাদের স্বপ্ন, সঞ্চয় ও প্রয়োজনীয় অনেক কিছুই মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এই অসহায় মানুষগুলোর কষ্ট নিজের চোখে দেখলে যে কারও হৃদয় ভারী হয়ে উঠবে। সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খোকন, পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল আজিজ, যুবদল নেতা মো. শাহীন, মো. রিদোয়ান, গিয়াস উদ্দিন, মো. সাহেদ, মো. এরশাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে দুই মন্দিরে চুরির ঘটনায় ৪ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে হুঁশিয়ারি