লোহাগাড়ায় ইয়াবা পাচারকালে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাচারে ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর থানার সোনাপুর এলাকার মিজানুর রহমানের ছেলে শাকিল (২৬), ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের তেতাঁভূমি এলাকার রানু মিয়ার ছেলে সজীব (২৮), কোতোয়ালি মডেল থানার কুচাইতলি এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. খোকন ইসলাম (২৯) এবং টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা এলাকার আবদুল কুদ্দুছের মেয়ে সুমা খাতুন (২১)।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি নোয়া গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়। লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একই দিন তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।










