নীলাম্বরী নীলিমা

রূপক কুমার রক্ষিত | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৯:০৫ পূর্বাহ্ণ

সূর্যাস্তের ঠিক পরে স্নিগ্ধ হাওয়ায়

উতলা আবেগী ভাবনা, মমতার

ভাজে ভাজে সোনালী আলোর

মরমী ছোঁয়ায়, নিঃসংকোচে দুলে ওঠে।

ক্লান্তির অবসানে, পশ্চিমাকাশের প্রশান্ত

আঙিনায় ছড়ানো স্বপ্নিল আভায়,

হৃদয়ের মৌনপারে শব্দহীন সংলাপের

নীরবতা ভেঙে জেগে উঠে,

একগুচ্ছ প্রেমের কবিতা।

আলো আর আঁধারের

গোধূলীসন্ধির নীলাম্বরী আবহে

অস্ফুট অনুভবগুলো

কষ্টের ঘনমেঘ সরায়ে,

ঝিরিঝিরি হাওয়ার অবারিত ছন্দে,

হৃদয়কুঞ্জে নিঃশব্দে দোলা দেয়।

স্নিগ্ধ নীলিমা ভেজা আকাশের বুকে

হালকা আলোয় ফুটে ওঠে

প্রেমময়তার নিরঙ্কুশ অসীমতা।

এ যেন প্রিয়তমার অম্বুরী গায়ে

ভালোবাসার গভীরতার খোঁজে

ছড়িয়ে দেয়া রঙিন অনুভূতি,

নির্মল মলয় আর অসীম নীলের

স্নিগ্ধ লীলায়িত ছোঁয়ায় জুড়ে নেয়

ভালোলাগার কাব্যময় কুঞ্জবন।

মুগ্ধ মায়াবীর সবুজ সলাজ আড়ালে

মন মঞ্জরীর রঙিন আলিঙ্গনে

একটুকু নীলাম্বরী নীলিমা।

পূর্ববর্তী নিবন্ধআমার স্বদেশ
পরবর্তী নিবন্ধমন হাসে মন কাঁদে