নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে যাওয়ার চেষ্টার অভিযোগে কোস্টগার্ডের অভিযানে একটি আর্টিসানাল ফিশিং বোট জব্দসহ এর মালিককে জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে এস আলম জেটি মোহনায় বাংলাদেশ কোস্টগার্ড এবং বাঁশখালী মৎস্য অফিস যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
জানা যায়, গন্ডামারা খাটখালী সীমান্তে সাগরে যাওয়ার পথে ‘মেসার্স এফ ভি তাসফিয়া তিহা’ নামে একটি ফিশিং বোট আটক করা হয়। বোটটিতে কোনো সামুদ্রিক মাছ পাওয়া না গেলেও মাছ সংরক্ষণের জন্য রাখা প্রায় ২৫০ পিস বরফ সাগরের পানিতে ফেলে নষ্ট করা হয়।
বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিফ উদ্দিন গতকাল শুক্রবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সরকার ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে নৌযানটির মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে ভবিষ্যতে নিষেধাজ্ঞার সময়ে মাছ আহরণ করবেন না মর্মে একটি মুচলেকা নিয়ে নৌযানটি মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
সামুদ্রিক মাছের প্রজনন ও মজুদ রক্ষায় সরকারের এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে মৎস্য অফিস ও কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।













