নির্মাণের চার দশকের বেশি সময় পরে প্রশস্ত হয়েছে খাগড়াছড়ি–দীঘিনালা সড়ক। রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে যাতায়াতের একমাত্র এই সড়কটি ‘পর্যটন সড়ক’ হিসেবে বেশি পরিচিত। অতিবাঁক অপ্রশস্ত সড়কের কারণে এতো যে ভোগান্তি ছিল তার অবসান হয়েছে। ১২ ফুটের সড়কটি ৬ ফুট প্রশস্ত হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।
খাগড়াছড়ি –দীঘিনালা সড়ক সংলগ্ন নয়মাইল এলাকার বাসিন্দা ও সাবেক জনপ্রতিনিধি গণেশ ত্রিপুরা বলেন, এখন সড়কটি প্রশস্ত হয়েছে আমাদের যাতায়াতে সুবিধা হয়েছে। আগে দুটো বড় বাস বা ট্রাক একসাথে চলাচল করতে পারত না। একটি গাড়ি রাস্তা থেকে নেমে যেত হত। যাতায়াতে সময় বেশি লাগত। ভোগান্তি ছিল। সরু সড়কের কারণে দুর্ঘটনাও অনেকবার ঘটেছে। এখন ভোগান্তির অবসান হয়েছে। চাঁদের গাড়ি (জীপ) চালক প্রদীপ ত্রিপুরা বলেন, খাগড়াছড়ি থেকে দীঘিনালা সড়ক হয়ে আমরা সাজেকে যাই। কিন্ত এতোদিন এ সড়কটি ছিল মাত্র ১২ ফুটের। এখন সেটি ১৬ ফুট হয়েছে। আগের তুলনায় অনেক স্বাচ্ছন্দ্যে যাত্রী নিয়ে গাড়ি চালানো যায়। আমাদের অনেক দিনে একটা ভোগান্তি দূর হয়েছে। এখনও সময়ও কম লাগছে।
খাগড়াছড়ির সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণে প্রায় ১ হাজার ৩শ ৫ কোটি টাকার প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রকল্পগুলোর কাজ শুরু হলে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ যৌথভাবে সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান এএস –আরএএস ট্রেডিং। এতে খাগড়াছড়ি থেকে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাজেকে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হয়েছে। সড়কটি প্রশস্ত হওয়ায় পর্যটক ও পরিবহন চালকদের মধ্যেও স্বস্তি ফিরেছে।
এদিকে জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও চারটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৬৪ কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি–রাঙামাটি সড়ক, ১১২ কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি–পানছড়ি সড়ক, ১১৫ কোটি টাকা ব্যয়ে বাঘাইহাট–মারিশ্যা সড়ক প্রশস্তকরণ এবং ১৪ কোটি টাকা ব্যয়ে রামগড়–জালিয়াপাড়া সড়ক উন্নয়ন প্রকল্প রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে খাগড়াছড়ির সঙ্গে পার্শ্ববর্তী জেলা ও উপজেলার যোগাযোগ আরও গতিশীল হবে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার বলেন, ইতিমধ্যে ৩৪ কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি–সাজেক সড়কের দীঘিনালা পর্যন্ত ১৮ কিলোমিটার অংশ প্রশস্তকরণের কাজ শেষ হয়েছে। এ ছাড়া খাগড়াছড়ি–রাঙামাটি, খাগড়াছড়ি–পানছড়ি, বাঘাইহাট–মারিশ্যা ও রামগড়–জালিয়াপাড়া সড়কের উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিগগিরই এসব প্রকল্পের কাজ শুরু হবে।’
খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, ‘বর্তমান সরকার পাহাড়ের সড়ক যোগাযোগ উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষত অপ্রশস্ত ,অতিবাঁকযুক্ত সড়কের কারণে প্রায়শ দুর্ঘটনা ঘটে। এছাড়া যানবাহন চলাচল ব্যাহতও হয়। পাহাড়ের দুর্গম জনপদে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা–স্বাস্থ্যসেবা গ্রহণ এবং পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিতে গতি সঞ্চার ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’










