নিরাপদ শৈশব নিশ্চিত করা বড়দের নৈতিক দায়িত্ব : কামরুন মালেক

বিশ্ব শিশু দিবসে লায়ন্স ক্লাবের অনুষ্ঠান

| শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরীর চকবাজারস্থ ক্লাবের স্থায়ী ক্যাম্পাস লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে আলোচনা সভা ও শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন ডা. ফাহিম হাসান রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫–বি৪–এর প্রথম নারী গভর্নর ও পিডিজি লায়ন কামরুন মালেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের প্রতি যত্নশীল হওয়া, তাদের অধিকার রক্ষা করা এবং সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করা সুনাগরিক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, শিশুদের যেমন অধিকার রয়েছে, তেমনি তাদেরও কিছু দায়িত্ব রয়েছে। বড়দের প্রতি সম্মান প্রদর্শন, নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং নিজেদের একজন আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার মানসিকতা শিশুদের মধ্যে তৈরি করতে হবে। এ জন্য পরিবার ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিশুদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করা বড়দের দায়িত্ব।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়ন কাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস নয়
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে আটকা এক হাজার পর্যটক