অভিনয়ের পাশাপাশি গানেও বেশ আগ্রহী ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সুযোগ পেলে যে কোনো আড্ডা বা অনুষ্ঠানে গান গেয়ে শোনান তিনি। তবে এবার রীতিমত তার একক সংগীতানুষ্ঠানই হচ্ছে। ৮ অগাস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’ শিরোনামের আয়োজনে দুই ঘণ্টা গান গাইবেন তিনি। খবর বিডিনিউজের। জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠানে নিজের পছন্দের শিল্পীদের বেশ কিছু গান গাইবেন অপূর্ব। অনুষ্ঠানটির আয়োজন করেছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অপূর্ব এক বিবৃতিতে বলেন, অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের। বিভিন্ন সময় বন্ধুদের আড্ডায় গান গেয়েছি। অনেক ঘরোয়া আয়োজনেও গান গাইতে হয়েছে। আমার অভিনীত বেশ কয়েকটি নাটকে আমার কণ্ঠে গান রয়েছে। আমেরিকার আয়োজনে পরিপূর্ণ সম্মান দিয়ে আমাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখানে আমার পছন্দের শিল্পীদের গানগুলো গাওয়ার চেষ্টা করব। মাঝে হয়ত নিজের গাওয়া নাটকের একটি গানও গাইব। তিনি বলেন, যারা এই একক কনসার্টের আয়োজন করেছে, তারা আগামীতে অন্য শিল্পীদেরও প্রাপ্য সম্মান দিয়ে গান গাওয়াবে বলে বিশ্বাস করি। দারুণ একটা আয়োজনে আমাকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। দেশে ফিরে অপূর্ব শুরু করবেন ‘গোলাম মামুন ২’ সিরিজের কাজ। এবার সিরিজটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু।











