নাৎসি আমলের বিরোধ পেরিয়ে রেকর্ড দামে বিক্রি ভ্যান গগের চিত্রকর্ম

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম রেকর্ড ১৯ কোটি ৪ লাখ ডলারে (১৪৪ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড) বিক্রি করেছে নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। বুধবার নিউ ইয়র্কে এই নিলাম হয়। বিবিসি লিখেছে, শাতিয়েনিয়ে অঁ ফ্লুর (ফুলে ভরা চেস্টনাট গাছ) শিরোনামের চিত্রকর্মটির ওই দাম ভ্যান গগের আগের নিলাম রেকর্ড ভেঙে দিয়েছে। ২০২২ সালে তার একটি চিত্রকর্ম ১১ কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়েছিল। বুধবার নিউ ইয়র্কে নিলাম হওয়া চিত্রকর্মটি নাৎসি আমলের বিরোধ নিষ্পত্তির পর বিক্রি হয়েছে। নাৎসিদের উত্থানের সময় চিত্রকর্মটি চাপে পড়ে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এ নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে শেষ মুহূর্তে সমঝোতা হওয়ার পরই নিউ ইয়র্কে ঐতিহাসিক ওই নিলাম অনুষ্ঠিত হয়। সদবি’স জানিয়েছে, ১৮৯০ সালে ভ্যান গগের জীবনের শেষ দুই মাসে চিত্রকর্মটি আঁকা হয়েছিল। ব্যক্তিগত সংগ্রহে থাকা ওই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকর্ম হিসেবে এটিকে বিবেচনা করা হয়। চিত্রকর্মটি কে কিনেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য সদবি’সের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। নিলামের আগে তৈলচিত্রটির সম্ভাব্য দাম ধরা হয়েছিল ১৮০ মিলিয়ন ডলার (১৩৬ মিলিয়ন পাউন্ড)। ব্লাকিয়ের–আরিয়েতা কালেকশন নামের একটি সংগ্রহের অংশ হিসেবে এটি নিলামে তোলা হয়। নিলাম শুরুর কয়েক ঘণ্টা আগে সদবি’স জানায়, চিত্রকর্মটির বিক্রি নিয়ে ব্লাকিয়ের–আরিয়েতা পরিবার এবং এর আগের জার্মান মালিক ফিশার পরিবারের উত্তরাধিকারীদের মধ্যে চলা বিরোধের নিষ্পত্তি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন
পরবর্তী নিবন্ধট্রাম্প, এপস্টেইন ও রাশিয়া নিয়ে নতুন তথ্য