নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী সম্মেলন সম্পন্ন

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন। গত ১২ নভেম্বর শুরু হওয়া এ সম্মেলন গতকাল শুক্রবার শেষ হয়। বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন শুরু হয়। সম্মেলনে দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্মেলনে দেশবরেণ্য আলেম–ওলামা, পীর–মাশায়েখ, ধর্মীয় ব্যক্তিত্ব, মন্ত্রী, সাবেক ধর্ম উপদেষ্টা, সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাঁদের বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, নৈতিক চরিত্র গঠন, পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়ন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল গতকাল শুক্রবারের জুমার নামাজ। জুমার নামাজে ইমামতি করেন জামিয়ার প্রধান শায়খুল হাদীস আল্লামা মুফতি কুতুবুদ্দিন নানুপুরী। জুমার আগে দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এছাড়াও আরো বক্তব্য দেন, হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা আনোয়ারুল করিম যশোরী, আল্লামা মুস্তাকুন্নবী কাসেমী, জিরি মাদ্রাসার মুহতামিম আল্লামা খোবাইব আহমদ, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কাসেমী, পটিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি একরাম হোসেন ওদুদী, মুফতি উবাইদুর রহমান হুযাইফী, মুফতি মাহমুদুল হাসান বাবুনগরী, আল্লামা ইয়াহিয়া মাহমুদ কাসেমী, মুফতি জোবায়ের আহমদ, আল্লামা গাজী বেলাল উদ্দীন নানুপুরী, আল্লামা ফরিদ উদ্দীন আল–মোবারক, আল্লামা মুফতি মাহফুজুল হক, আস–সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শায়খ আহমাদুল্লাহ, মুফতি রেজাউল করীম আবরার ও আল্লামা গাজী ইয়াকুব ওসমানীসহ দেশবরেণ্য বহু আলেম–ওলামা ও পীর–মাশায়েখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধচন্দনপুরা মহল্লা কমিটির আলোচনা সভা