নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি  | বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:০৫ পূর্বাহ্ণ

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ত তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে মিয়ানমারের বিপুল পরিমাণ মুদ্রা কিয়াট উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে বিজিবি বিষয়টি নিশ্চিত করেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সোমবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৩ সংলগ্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এসময় মিয়ানমারের অভ্যন্তর থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ৬৮ হাজার মিয়ানমার কিয়াট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে বিজিবি জানিয়েছে।

আটককৃতরা হলেন রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাসিন্দা থুইনুমং মার্মার ছেলে উয়ইমং মার্মা (২৫), বান্দরবানের রুমা উপজেলার মিলুচিং মার্মার ছেলে হলাচিংথোয়াই মার্মা (২৪) এবং একই এলাকার মংক্যাচিং মার্মার ছেলে গরাইমং মার্মা (৩০)। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটক যুবকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, আটক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত থেকে ৩ জন আরকান আর্মির সদস্যকে বিজিবি আটক করেছে শুনেছি। তবে এ বিষয়ে কেউ আমাকে অবগত করেননি, আটকের বিষয়ে বিস্তারিত বিজিবি জানবে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার রয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে। ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ দুপুরে
পরবর্তী নিবন্ধসৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আনোয়ারার যুবকের মৃত্যু