সৌদি আরবে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহতের ১১ দিন পর হারুন সিকদার নামে আনোয়ারার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন হারুনের মৃত্যু হয়। হারুন সিকদার উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রহমত আলী সিকদারের নতুন বাড়ির বাসিন্দা মো. নাগু মিয়ার পুত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হারুন একমাস পাঁচ দিনের ছুটি শেষ করে গত ৭ জানুয়ারি সৌদি আরবে কর্মস্থলে ফেরেন। গত ১২ ফেব্রুয়ারি দুপুরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় তিনি ওপর থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন। ঘটনার পর সহকর্মীরা তাকে স্থানীয় একটি মেডিকেল কেন্দ্রে নিয়ে যান। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী, দুই ছেলে ও এক বছর বয়সী একটি কন্যাশিশু রয়েছে।














