শক্তির পার্থক্য কিংবা সাফল্যের বিচারে ব্রাজিলের ধারেকাছে নেই নরওয়ে। তবে মুখোমুখি লড়াইয়ে হিসেবে ইউরোপের এই দলের বিপক্ষেই বড্ড সাদামাটা সেলেসাওরা। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ব্যর্থতার সেই বৃত্ত থেকে এবার বেরিয়ে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী ব্রাজিলিয়ান ডিফেন্ডার দগলাস সান্তোস। উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নিউ ইয়র্কে মুখোমুখি হবে এই দুই দল। বাংলাদেশ সময় সোমবার রাত ২টায় শুরু হবে ম্যাচটি। খবর বিডিনিউজের।
দল দুটির মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান দেখলে অনেকে অবাক হতে পারেন, কিন্তু এটাই সত্যি; চারবারের দেখায় কখনও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। দুটি জিতেছে নরওয়ে, বাকি দুটি ড্র। নরওয়ের ওই দুই জয়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ১৯৯৮ সালের গ্রুপ পর্বে দেশটির ২–১ গোলের অবিশ্বাস্য সাফল্য। সেই ম্যাচে নরওয়ের জয়সূচক গোল করা শেটল রেকডালের ধারণা, বারবার না পারার ভয় এবারও তাড়া করবে ব্রাজিলকে এবং সেই ভয়ে হোঁচটও খাবে তারা।
দীর্ঘ ৯ বছর বিরতির পর, গত বছর জাতীয় দলে ফেরার পর থেকে দারুণ ছন্দে থাকা দগলাস অবশ্য আসছে ম্যাচটি নিয়ে দারুণ আশাবাদী। আমার মনে হয়, নরওয়েকে কখনও হারাতে না পারাটাই আমাদের জন্য বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে। আশা করি, আমাদের জন্য খুব স্পেশাল এই ম্যাচে আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারব এবং জয় নিয়ে খুশি মনে মাঠ ছাড়তে পারব।
চলতি আসরে এখন পর্যন্ত দলের চারটি ম্যাচেই শুরুর একাদশে নেমেছেন জেনিত সেইন্ট পিটার্সবার্গের এই লেফট–ব্যাক এবং খেলেছেন প্রায় পুরোটা সময়।












