বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন। ফল ঘোষণার পর আবেগাপ্লুত হন মির্জা ফখরুল। নতুন রাষ্ট্রপতিকে তাৎক্ষণিকভাবে একটি গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। খবর বাংলানিউজের।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠান জাতীয় সংসদ থেকে বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে দেখা যায়, সংসদ সদস্যদের সামনে স্বচ্ছ ব্যালট বক্সগুলো খোলা হয়। নির্বাচন কর্মকর্তারা এসময় শূন্য বক্সগুলো উপরে তুলে দেখান ভেতরে কোনো ব্যালট পেপার আছে কিনা। এরপর সবার সামনে গণনা করা হয়।
ভোট গণনার সময় সংসদ গ্যালারিতে সামনের আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেছিলেন রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তাকে কিছুটা গুরু গম্ভীর দেখাচ্ছিল, তবে প্রাণবন্ত ছিলেন। তার পাশে আরও ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণা করার সময় ভোটের সংখ্যা জানানোর সঙ্গে সঙ্গে সংসদ ভবনের গ্যালারিতে বসা প্রধানমন্ত্রী দাঁড়িয়ে নতুন রাষ্ট্রপতিকে একটি গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও করমর্দন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এসময় টেবিল চাপড়ে শুভেচ্ছা জানান সংসদ সদস্যরা। নতুন রাষ্ট্রপতিকে তখন বেশ আপ্লুত দেখা যায়। আসন থেকে উঠে হাত নাড়িয়ে সবাইকে কৃতজ্ঞতা জানান মির্জা ফখরুল।
রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন আসন থেকে উঠে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করেন। সবাইকে আবারও হাত উঠিয়ে কৃতজ্ঞতা জানান নির্বাচিত রাষ্ট্রপতি।
তিনি সংসদের গ্যালারি থেকে উঠে এসে উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ সংসদ সদস্যদের সঙ্গে কোলাকুলি করেন মির্জা ফখরুল। চারদিকে তখন করতালির শব্দ শোনা যায়।
ভোটে আনুষ্ঠানিকতা শেষে নতুন রাষ্ট্রপতিকে সংসদ সদস্য ও ভোটারদের সঙ্গে অনানুষ্ঠানিক ছবি তুলতে তুলতে দেখা যায়। পরে নারী সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন রাষ্ট্রপতি।











