জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবর্ষ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের কোমলমতি শিশুরা গান, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক বিভাগে অংশগ্রহণ করে। তবে প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর কয়েকজন প্রতিযোগী ও তাদের অভিভাবকের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ফলাফল নিয়ে প্রশ্ন তুলে কয়েকজন অভিভাবক স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ করেন। কিছু ক্ষেত্রে বিচারকদের সিদ্ধান্ত নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। ফলাফল ঘোষণার পর ঘটনাস্থলে কয়েকজন কোমলমতি শিশুকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। দীর্ঘদিনের প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের ফলাফল নিয়ে হতাশা থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিছু বিচারক তাদের নিজেদের শিক্ষার্থীদের প্রতি পক্ষপাতিত্ব করেছেন। প্রতিযোগিতার বিচার প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন ছিল। ফলাফল ঘোষণার পর কয়েকজন অভিভাবককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে অভিযোগ ও আপত্তি জানাতে দেখা যায়। শিশুদের নিয়ে আয়োজিত একটি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচার প্রক্রিয়া নিয়ে যেন কোনো ধরনের প্রশ্ন না ওঠে, সেদিকে আয়োজকদের বিশেষভাবে নজর দেওয়া উচিত। ফলাফল নিয়ে তৈরি হওয়া অসন্তোষের ফলে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুরা মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত করতে পারে।
অভিভাবকদের দাবি, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় বিচারকদের নিরপেক্ষতা নিশ্চিত করতে আরও কঠোর হতে হবে।
এম এ কাশেম, মুরাদপুর, চট্টগ্রাম।











