নাগরিক ভোগান্তি কমাতে পরিকল্পিত শহর চাই

| রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

শহর পরিকল্পনার উদ্দেশ্য নাগরিকের জীবন সহজ করা। অথচ বাস্তবে অপরিকল্পিত ভবন, দখল হওয়া ফুটপাত, যত্রতত্র পার্কিং, যানজট, জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক জীবন ক্রমেই দুর্বিষহ হচ্ছে। এক সংস্থা সড়ক নির্মাণের পর অন্য সংস্থার খোঁড়াখুঁড়ি কিংবা দীর্ঘদিন উন্নয়নকাজ ফেলে রাখাও ভোগান্তি বাড়াচ্ছে। সমাধানে নতুন প্রকল্পের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রতিটি ওয়ার্ডে নিয়মিত ফুটপাত, ড্রেন ও সড়ক পরিদর্শনের ব্যবস্থা করা যেতে পারে। উন্নয়নকাজ শুরুর আগে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত কর্মপরিকল্পনা ও সময়সীমা নির্ধারণ জরুরি। কাজ শেষের পর রাস্তা দ্রুত সংস্কার এবং নির্ধারিত সময় অতিক্রম করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে। অবৈধ দখল ও পার্কিংয়ে নিয়মিত অভিযান এবং নাগরিক অভিযোগ নিষ্পত্তির জন্য কার্যকর হেল্পলাইন চালু করা প্রয়োজন। প্রশাসনের কাছে দাবি, এসব উদ্যোগ কাগজে সীমাবদ্ধ না রেখে নির্দিষ্ট সময়সীমা, দায়িত্বশীল সংস্থা ও নিয়মিত তদারকির মাধ্যমে বাস্তবায়ন করা হোক।

মুহিবুল হাসান রাফি

শিক্ষার্থী,

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধআবুল হাশিম : অখণ্ড স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা
পরবর্তী নিবন্ধমাইক্রোপ্লাস্টিক : একটি নীরব ঘাতক, যার ভয়াবহতা প্রতিটি ঘরে ঘরে