পাহাড়ঘেরা ক্যাম্পাসের আকাশে তখন রাতের অন্ধকার। হাজারো মানুষের অপেক্ষা একটি নামের জন্য। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ দূর–দূরান্ত থেকে ছুটে এসেছেন প্রিয় শিল্পীর গান শুনতে। ঘড়ির কাঁটা রাত সাড়ে আটটা ছুঁতেই মঞ্চে উঠলেন নগর বাউলখ্যাত জেমস। মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ। চারদিকে করতালি, চিৎকার আর গানের তালে হাজারো দর্শকের উল্লাস। জেমসের কণ্ঠে একের পর এক গান, আর সেই সুরে মেতে উঠলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ উপস্থিত সব বয়সী দর্শক।
গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপনের সাংস্কৃতিক সন্ধ্যায় নগর বাউলের পরিবেশনা ঘিরে তৈরি হয় উৎসবের এক ভিন্ন আবহ। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা সাবেক শিক্ষার্থীরাই নন, হাটহাজারীসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা থেকেও হাজারো দর্শক ছুটে আসেন এই সংগীত আয়োজন উপভোগ করতে। দর্শকদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জেমস মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে দর্শকদের উচ্ছ্বাস যেন কয়েক গুণ বেড়ে যায়। প্রিয় শিল্পীকে সামনে পেয়ে অনেকেই মোবাইল ফোনে মুহূর্তগুলো ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ গানের সঙ্গে কণ্ঠ মেলান, কেউ হাততালি দিয়ে তাল ধরেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে নেচে–গেয়ে উপভোগ করেন পুরো পরিবেশনা। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে সংগীতের উন্মাদনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই আয়োজন ছিল হীরকজয়ন্তীর আনন্দ উদযাপনের অন্যতম আকর্ষণ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় শিল্পীকে ক্যাম্পাসের মঞ্চে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা। অনেকের কাছে এটি ছিল নগর বাউলের সরাসরি পরিবেশনা উপভোগের বিশেষ সুযোগ। অন্যদিকে শহর ও আশপাশের এলাকা থেকে আসা দর্শকদের উপস্থিতি সাংস্কৃতিক সন্ধ্যাকে রূপ দেয় বৃহত্তর জনসমাগমে।
ষাট বছরের পথচলা উদযাপনে দিনভর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ, পুনর্মিলন ও নানা আয়োজনের পর রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান যোগ করে ভিন্ন মাত্রা। দিনের আবেগঘন স্মৃতির পর রাতের সংগীত আয়োজন যেন পুরো ক্যাম্পাসকে নিয়ে যায় আনন্দের অন্য এক জগতে।
নগর বাউলের সুরে মুখর সেই রাত তাই কেবল একটি কনসার্টের স্মৃতি হয়ে থাকেনি; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীর বর্ণিল আয়োজনের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে উঠেছে। ছয় দশকের স্মৃতি, প্রজন্মের মিলন আর সংগীতের উচ্ছ্বাস সব মিলিয়ে হীরকজয়ন্তীর রাতে কেন্দ্রীয় মাঠ পরিণত হয়েছিল এক বিশাল উৎসবের মঞ্চে।










