দ্বিমুখী চাপে পোশাকশিল্প

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রস্তাব ও শ্রমিকদের নতুন মজুরি কাঠামোতে চ্যালেঞ্জের মুখে উদ্যোক্তারা

হাসান আকবর | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:১৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রস্তাব এবং পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের দ্বিমুখী চাপে বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে দেশের তৈরি পোশাকশিল্প। একদিকে বাংলাদেশের পণ্যের ওপর বিদ্যমান শুল্কের সাথে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে আগামী ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকাসহ নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা।

সূত্র জানিয়েছে, ট্রাম্প সরকারের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) গতকাল দেশটির বাণিজ্য আইনের ৩০১ ধারায় ১৪টি দেশের উপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব করেছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশ শিল্প উৎপাদনে অতিরিক্ত সক্ষমতা তৈরি, সরকারি প্রণোদনা, উৎপাদন ও রপ্তানি উৎসাহিত করার নীতি এবং বিভিন্ন ধরনের বাজার–বিকৃতিমূলক পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি করছে। বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক বিবেচনার প্রস্তাব দিয়েছে। বিদ্যমান ৩০১ ধারার শুল্ক সমন্বয়ের পর প্রযোজ্য অতিরিক্ত শুল্কের এ সর্বোচ্চ সীমা উল্লেখ করা হয়েছে।

নতুন প্রস্তাবের আওতায় বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান ও ইউরোপীয় ইউনিয়ন রয়েছে। বাংলাদেশের জন্য চূড়ান্ত শুল্কহার কত হবে, কোন পণ্য অব্যাহতি পাবে এবং কখন থেকে তা কার্যকর হবে সে সম্পর্কে কিছু নিশ্চিত করা হয়নি। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে বাংলাদেশের তৈরি পোশাকখাত বেশ চ্যালেঞ্জে পড়বে বলে উল্লেখ করে দেশের একাধিক উদ্যোক্তা জানিয়েছেন, আমেরিকা বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বৃহৎ একক রপ্তানি বাজার। এই বাজারে সংকট তৈরি হলে পুরো সেক্টরেই সংকট তৈরি হবে। একাধিক গার্মেন্টস মালিক বলেছেন, বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। এ শিল্পে প্রত্যক্ষভাবে কর্মরত রয়েছেন প্রায় ৪০ লাখ শ্রমিক। তাদের বড় অংশই নারী। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কের বাড়তি চাপ তৈরি হলে তা শুধু পোশাক রপ্তানিকারকদের আয়ের পাশাপাশি দেশের কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয়ের ওপরও প্রভাব ফেলবে।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবের পেছনে মূল যুক্তি হচ্ছে, বাংলাদেশের মতো উৎপাদনকারী দেশগুলো সরকারি প্রণোদনা, শিল্পনীতি ও তুলনামূলক কম উৎপাদন ব্যয়ের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা পাচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউএসটিআর বাংলাদেশের শিল্পনীতি, উৎপাদন ও রপ্তানি প্রণোদনা, শ্রমিকদের সুরক্ষা এবং উৎপাদনে ব্যবহৃত আমদানি উপকরণ নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে তৈরি পোশাক ও অ্যাপারেল খাতকে যুক্তরাষ্ট্রের নিজস্ব উৎপাদন ও বাণিজ্যিক স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে চিহ্নিত করেছে।

অপরদিকে দেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এক ধাপে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।

নতুন কাঠামোতে চতুর্থ গ্রেডের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ছয় সদস্যের মজুরি বোর্ডে ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত হয়। চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুই সদস্য ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। নতুন মজুরি কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। জানুয়ারি মাসে শ্রমিকেরা সংশোধিত হারে বেতন পাবেন।

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে মজুরি বাড়ানোর দাবি

দীর্ঘদিনের। শ্রমিকদের ক্রয়ক্ষমতা ও জীবনমান উন্নয়নের জন্য মজুরি বৃদ্ধি জরুরি হলেও উদ্যোক্তাদের জন্য এটি উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণ হয়ে উঠবে। বিশেষ করে যেসব কারখানা আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে আগে থেকেই নির্ধারিত দামে পণ্য তৈরির অর্ডার নিয়েছে, তাদের বাড়তি মজুরি পরিশোধ করতে হিমশিম খেতে হবে।

কয়েকজন গার্মেন্টস মালিক বলেছেন, সমস্যা হচ্ছে, আন্তর্জাতিক ক্রেতারা সাধারণত উৎপাদন ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে পোশাকের ক্রয়মূল্য বাড়াতে চান না। ফলে একদিকে শ্রমিকের বেতন বাড়বে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কের চাপ বাড়লে ক্রেতাদের কাছে পণ্যের দাম প্রতিযোগিতামূলক রাখা কঠিন হয়ে উঠবে। এ অবস্থায় কারখানা চালু রেখে ব্যবসা টিকিয়ে রাখা অনেক বড় চ্যালেঞ্জ হবে বলেও তারা উল্লেখ করেন।

তারা বলেন, শ্রমিক অসন্তোষের কারণে পোশাকশিল্প ইতোমধ্যে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রাথমিক জরিপ অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় ৩১৭টি কারখানার প্রায় ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা। একই সময়ে বিদেশি ক্রেতারা বাংলাদেশের প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার মূল্য প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকা। বিজিএমইএর হিসাবে ক্ষতিগ্রস্ত কারখানার প্রকৃত সংখ্যা ৬০০ ছাড়িয়ে যেতে পারে।

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ কিংবা কারখানা বন্ধের কারণে অর্ডার সিডিউল অনুষায়ী রপ্তানি করা না গেলে ক্রেতারা বিকল্প দেশ থেকে পণ্য সংগ্রহে আগ্রহী হয়ে উঠেন। একবার অন্য দেশের কারখানার সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক তৈরি হলে সেই অর্ডার ফিরিয়ে আনা সম্ভব হয় না বলেও গার্মেন্টস মালিকেরা মন্তব্য করেন।

বাংলাদেশের পাশাপাশি ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের মতো পোশাক উৎপাদনকারী দেশগুলোও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবের আওতায় রয়েছে উল্লেখ করে সূত্র বলেছে, এসব দেশের কারও শুল্কহার কম হলে কিংবা কোনো দেশ বাণিজ্য আলোচনার মাধ্যমে শুল্ক কমিয়ে নিতে পারলে বাংলাদেশের জন্য প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠবে।

প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে নিটওয়্যার, ডেনিম, টি–শার্ট, সোয়েটার এবং বিভিন্ন ধরনের মৌলিক পোশাক উৎপাদনে বাংলাদেশের অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে। বড় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কও এ শিল্পের অন্যতম সম্পদ। তবে বাড়তি শুল্কের কারণে ক্রেতাদের কাছে বাংলাদেশের পণ্যের মূল্য বেড়ে গেলে নতুন অর্ডার পাওয়া কঠিন হয়ে যাবে।

এ ছাড়া গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার উপর জোর দিয়ে তিনি বলেন, বিশেষ করে ডাইং, ওয়াশিং, নিটিং ও টেঙটাইল কারখানায় জ্বালানি সংকট খরচ বাড়িয়ে দেয়। সিডিউল অনুযায়ী পণ্য রপ্তানি কঠিন হয়ে ওঠে। এছাড়া ব্যাংকঋণের উচ্চ সুদ, বন্দর ও পরিবহন ব্যয়, কাঁচামাল আমদানির জটিলতা এবং কাস্টমস প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা গার্মেন্টস সেক্টরকে নিয়মিত মোকাবেলা করতে হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি, অটোমেশন, দক্ষ শ্রমিক তৈরি এবং অপচয় কমানোর মাধ্যমে একই খরচে পণ্য উৎপাদন বাড়ানো গেলে চ্যালেঞ্জ মোকাবেলা কিছুটা সহজ হবে। এক্ষেত্রে শ্রমিকদের বড় ভূমিকা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

শ্রমিকদের মজুরি বৃদ্ধিকে কেবল মালিকদের খরচ বেড়ে যাচ্ছে এভাবে না দেখে ন্যায্য মজুরি শ্রমিকদের জীবনমান উন্নত করার পাশাপাশি সেক্টরে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে বলে গার্মেন্টস শ্রমিকদের একজন নেতা গতকাল দৈনিক আজাদীর কাছে মন্তব্য করেন। তিনি বলেন, শ্রমিকদের সন্তুষ্টি, দক্ষতা ও কর্মপরিবেশ উন্নত হলে উৎপাদনে নতুন গতিশীলতা তৈরি হবে। তিনি শ্রমিক–মালিক সম্পর্ক উন্নয়ন, নিয়মিত আলোচনা, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার উপরও গুরুত্বারোপ করেন।

কে গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক বিজয় শেখর দাশ বলেন, ‘বাংলাদেশের পোশাকশিল্প এখন এক কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, জ্বালানি সংকট, অর্ডার অন্যদেশে চলে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা তীব্র হওয়াসহ বেশ প্রতিকূল পরিস্থিতি একসঙ্গে সামাল দিতে হবে মালিকদের।’

এদিকে আগামী বছর এ খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করে বিজিএমইএর একজন নেতা বলেন, এ সময়ে শুল্ক আলোচনায় বাংলাদেশ কতটা সুবিধা আদায় করতে পারে, ক্রেতাদের কাছ থেকে পোশাকের দাম কতটা নিশ্চিত করতে পারে এবং উৎপাদনে কতটুকু গতি আনতে পারে, তার উপর এই সেক্টরের অনেক কিছু নির্ভর করবে।

পূর্ববর্তী নিবন্ধনিউ মুরিং আবাসিক ভবনে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
পরবর্তী নিবন্ধসিডিএ ‘শীর্ষ কর্তৃপক্ষ’, চসিক ‘সহযোগী’; উন্নয়ন পরিকল্পনা নিয়ে সমন্বয়হীনতার শঙ্কা