দেড় দিনে ৪৭২ মামলা, চুরির চেষ্টায় গ্রেপ্তার ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা

| বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা স্থাপনের পর দেড় দিনে বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে ৪৭২টি মামলা হয়েছে। এর মধ্যে ক্যামেরা চালুর প্রথম দিনেই গত মঙ্গলবার মামলা হয়েছে ৪৩৪টি। একই সময়ে নতুন স্থাপন করা একটি এআই ক্যামেরা চুরির চেষ্টার অভিযোগে ফারুক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেইট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার এলাকায় ১৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এ প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেইট এলাকাটি হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অধীনে। এ অঞ্চলে মোট ৪৫৩টি ক্যামেরা বসানো হয়েছে। হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, মহাসড়কে সবচেয়ে বেশি আইন লঙ্ঘন হয় অতিরিক্ত গতির। জাতীয় মহাসড়কগুলোতে যানবাহনের গতি সর্বোচ্চ ৮০ কিলোমিটার থাকলেও, অনেকেই সেটা মানতেন না। এআই ক্যামেরা স্থাপনের ফলে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, থ্রিহুইলার চলাচল, উল্টোপথে যানবাহন চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন সহজে শনাক্ত হচ্ছে। খবর বিডিনিউজের।

গত সোমবার পর্যন্ত মহাসড়কে বিভিন্ন অভিযোগে মামলা হত দৈনিক ১২০ থেকে ১৪০টির মত। এখন এআই ক্যামেরার ‘অটো ফাইন সিস্টেমের’ কারণে মামলার পরিমাণ বেড়ে গেছে। এআই ক্যামেরা চালুর প্রথম দেড় দিনে বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসের বিরুদ্ধে বেশিরভাগ মামলা হয়েছে; যার মধ্যে কয়েকটি সরকারি গাড়িও রয়েছে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, গত দেড় দিনে অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং ও উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে। বেশি মামলা হয়েছে মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, চান্দিনা, মিয়া বাজার, ফেনীর মহিপাল, চট্টগ্রামের মীরসরাই এলাকায়।

এআই ক্যামেরা চালুর প্রথম দিনে মঙ্গলবার রাত পর্যন্ত কুমিল্লা অঞ্চলে মামলা হয়েছে ৪৪৩টি। রাত থেকে বুধবার বিকাল ৫টা পর্যন্ত মামলা হয়েছে ৩৮টি। এর মধ্যে মঙ্গলবার ১৪ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা ও বুধবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ১ লাখ ৩০ হাজার টাকা বিভিন্ন যানবাহনকে জরিমানা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান মনে করেন, এআই ক্যামেরা চালুর প্রথম দিন অনেক চালকের বিষয়টি সম্পর্কে ধারণা ছিল না বা তারা জানতেন না। এ কারণে মামলার পরিমাণ বেশি ছিল। তবে চালকদের মধ্যে ধারণা চলে আসায় মামলার পরিমাণ কমে আসছে।

এদিকে, মঙ্গলবার গভীর রাতে নতুন স্থাপন করা একটি এআই ক্যামেরা চুরির চেষ্টার অভিযোগে ফারুক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় ক্যামেরাটি চুরির সময় তাকে আটক করা হয় বলে হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান জানিয়েছেন। গ্রেপ্তার ফারুক (৪০) দাউদকান্দির মালিখিল এলাকার ধানুমিয়ার ছেলে। তাকে নিয়মিত মামলায় কারাগারে পাঠানো হয়েছে বলেছে হাইওয়ে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ওসি প্রেমদাস রায় বলেন, রাত আনুমানিক দেড়টার দিকে মহাসড়কের রায়পুর এলাকায় একটি এআই ক্যামেরায় ওঠার চেষ্টা করেন ফারুক। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে ৯৯৯এ ফোন দেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাকে আটক করে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করে। সরকারি সম্পত্তি চুরির চেষ্টার অভিযোগে করা নিয়মিত মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম রেলপথে বেড়েছে যন্ত্রাংশ চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা