বাংলাদেশ এবছর চা উৎপাদনে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করবে। এবার আমরা আশাকরি ১০৭ মিলিয়ন কেজি (১০ কোটি ৭০ লাখ কেজি) চা উৎপাদন করতে পারবো। দেশের ইতিহাসে এই পরিমাণ চা অতীতে কখনো উৎপন্ন হয়নি। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ গতকাল বুধবার কাপ্তাইয়ে অবস্থিত ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শনে এসে চা শ্রমিকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, এই অভাবনীয় সাফল্য অর্জন করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবেন চা শ্রমিকরা। সমগ্র বাংলাদেশে চা শ্রমিকরা যেভাবে আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন তাতেই বাংলাদেশ সাফল্য অর্জন করতে পারবে বলেও তিনি মন্তব্য করেন। শ্রমিকরা চা বাগানের প্রাণ উল্লেখ করে চা বোর্ডের চেয়ারম্যান বলেন, চা শ্রমিকদের উন্নয়নে বাংলাদেশ চা বোর্ড কাজ করে যাচ্ছে। ওয়াগ্গাছড়া চা বাগানে আয়োজিত চা শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী। বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ইয়াছমিন পারভীন তিবরীজি এবং চা বাগানের পরিচালক মোরশেদুল আলম কাদেরী। কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, চা বোর্ডের সচিব মো. আমিনুর রশিদ, চা বোর্ডের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, চা বোর্ডের পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক, চা বোর্ডের সমন্বয়কারী কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম খান, বৈজ্ঞানিক কর্মকর্তা শুভ দাশ এবং ওয়াগ্গাছড়া চা বাগানের পরিচালক খোরশেদুল আলম কাদেরী। কাপ্তাই শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে চা বোর্ডের চেয়ারম্যান ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শন করেন এবং বাগানে একটি চা গাছের চারা রোপণ করেন।












