দেশের সার্বভৌমত্ব রক্ষায় ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে

কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের সাত মাসে দেশে যে পরিমাণ উন্নয়ন করেছেন, বিগত সরকারের ১৬/১৭ বছরেও সেই উন্নয়ন হয়নি। কারণ এই সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। তাই এই সরকারের জনগণের কাছে জবাবদিহিতা রয়েছে। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে বিশ্বের কাছে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকবে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় হাটহাজারীর ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে কৃষি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে কৃষি ও কৃষকদের উন্নয়ন করার কোনো বিকল্প নেই। তাই সরকার কৃষকদের উন্নয়নে নির্বাচনের পূর্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচির কৃষি কার্ড বিতরণ করছেন।

মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল ফোরকান, পুলিশ সুপার মো. মাসুদ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ–পরিচালক আপ্রুু মার্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা নুরুল আমিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আমিন উল্লাহ বাহার, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ও নেছার উদ্দীন।

গতকাল ইউনিয়নের তিন ওয়ার্ডে ১১৮০ জন কৃষকের মধ্যে কৃষি কার্ড ও কৃষি সহায়তা উপকরণের অর্থ মোবাইলে প্রেরণ করা হয়। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি কৃষিকার্ড বিতরণ অনুষ্ঠানে যুক্ত হন।

প্রসঙ্গত, গতকাল দেশের ৫৬টি জেলায় ৭৭টি উপজেলায় ১০ হাজার ১৬৫ জন কৃষকের মধ্যে কৃষি উপকরণ সহায়তা ও কৃষি কার্ড বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত
পরবর্তী নিবন্ধরাড্ডাকাণ্ড : বিএনপির সংরক্ষিত এমপি মিষ্টির পদত্যাগ