দেশপ্রেম জামাল নজরুল ইসলামের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল

চুয়েটে সেমিনার

| মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৫:০৮ পূর্বাহ্ণ

চুয়েটের ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, দেশপ্রেম ও মানবকল্যাণ জামাল নজরুল ইসলামের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। নিজের উপার্জনের একটি অংশ তিনি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার জন্য ব্যয় করতেন। একজন প্রকৃত শিক্ষকের এই মানবিক দৃষ্টান্ত আমাদের সকলের জন্য অনুসরণীয়। তিনি আরো বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে গণিতের দক্ষতা ছাড়া টেকসই প্রযুক্তিগত উন্নয়ন কল্পনা করা যায় না। তাই আমাদের শিক্ষার্থীদের শুধু গণিত শেখাই নয়, বরং গণিতভিত্তিক গবেষণা, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি এবং উদ্ভাবনী সক্ষমতা অর্জনের দিকে ও গুরুত্ব দিতে হবে। তিনি গতকাল সোমবার চুয়েটের প্রিইঞ্জিনিয়ারিং ভবনের ভিডিও কনফারেন্স রুমে গণিত বিভাগের উদ্যোগে আয়োজিত ‘জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার এবং বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। সেমিনারে কীনোট স্পিকার ছিলেন চবি জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল এন্ড ফিজিক্যাল সাইন্সের অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার আলম। গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট ম্যাথ ক্লাবের মডারেটর ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। সেমিনার সঞ্চালনা করেন গণিত বিভাগের প্রভাষক সমেন বৈরাগী। এতে স্পন্সর ছিলো বাংলাদেশ ম্যাথম্যাটিকাল সোসাইটি ও সহযোগিতায় ছিলো চুয়েট ম্যাথ ক্লাব এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ম্যাথ ক্লাব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটিচার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির অভিষেক সভা
পরবর্তী নিবন্ধচবিতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি