দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের একাদশে মাত্র তিন পেসার দেখে বিস্মিত হয়েছিলেন সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তার মতে, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তিন পেসার ও একজন স্পিনার নিয়ে খেলা রক্ষণাত্মক সিদ্ধান্ত। এতে পেসারদের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যার প্রভাব পড়েছে ম্যাচেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ৯ উইকেটে হারের পর নিজের এই অসন্তোষের কথা জানান ডোনাল্ড। বাংলাদেশের সাবেক এই পেস বোলিং কোচ মনে করেন, সেঞ্চুরিয়ন টেস্টেও একই ধরনের কন্ডিশন অপেক্ষা করছে। তাই সেখানে চার পেসার নিয়ে খেলার পক্ষেই তিনি। তিন পেসার নিয়ে খেলার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে ডোনাল্ড বলেন, ‘তিন পেসার দেখে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। দক্ষিণ আফ্রিকায় তিন পেসার নিয়ে খেলা যায় না, দুঃখিত। এটা রক্ষণাত্মক সিদ্ধান্ত। এতে ওই তিনজনের ওপর অতিরিক্ত চাপ পড়ে।’ জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজকে লক্ষ্য করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের কথাও উল্লেখ করেন তিনি। ডোনাল্ডের মতে, মিরাজের বিপক্ষে আক্রমণ করে খেললে পেসারদের আবার বোলিংয়ে ফেরানো যাবে, এটাই স্বাগতিকদের পরিকল্পনা ছিল। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা মিরাজের বিপক্ষে কত ভালো ব্যাটিং করেছে, তা দেখেছেন। পেসারদের ফিরিয়ে আনার জন্য তারা মিরাজকে আক্রমণ করবে, এটা আগে থেকেই বোঝা যাচ্ছিল। শেষ পর্যন্ত পর্যাপ্ত বিকল্প না থাকায় পেসারদের একজন চোটে পড়েছে।’ ডোনাল্ডের মতে, দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে ২০ উইকেট নিতে হলে চার পেসার প্রয়োজন। শুধু তিন পেসার ও একজন স্পিনার নিয়ে পুরো ম্যাচের বোলিং সামলানোর পরিকল্পনা বাস্তবসম্মত নয়। ডোনাল্ড বলেন, ‘আপনি দক্ষিণ আফ্রিকায় তিন পেসার ও একজন স্পিনার নিয়ে এসে ভাবতে পারেন না যে এই চারজনই ২০ উইকেট তুলে দেবে। এতে শুধু তিন পেসারের ওপরই নয়, দলের ওপরও প্রচণ্ড চাপ পড়ে। খারাপ দিন গেলে আবার ওই পেসারদেরই ফিরিয়ে আনতে হয়। আমি এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। বাংলাদেশের একাদশে চার পেসার হিসেবে কাদের দেখতে চেয়েছিলেন, সেটিও স্পষ্ট করেছেন তিনি। হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনকে খেলানোর পক্ষে ছিলেন ডোনাল্ড। বিশেষ করে শরিফুলের উচ্চতা ও বোলিংয়ের ধরন দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কার্যকর হতে পারে বলে মনে করেন তিনি। ডোনাল্ড বলেন, ‘আমার চার বোলার হতেন হাসান, শরিফুল, তাসকিন ও ইবাদত। শরিফুল বাঁহাতি পেসার, অনেকটা মার্কো ইয়ানসেনের মতো। সে বেশ লম্বা। ওয়ান্ডারার্স ও সেঞ্চুরিয়নের মতো মাঠে লম্বা বোলারদের প্রয়োজন। বল বাউন্স করবে, তাই একটু ফুলার লেংথে বল করতে হবে। শরিফুল আমার কাছে সেই ধরনের বোলার।’ এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের পেসারদের চোট ও কাজের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বিশেষ করে হাসান মাহমুদের চোটের পেছনে টানা ক্রিকেট খেলার প্রভাব দেখছেন তিনি। তার মতে, হাসানের মতো গুরুত্বপূর্ণ বোলারের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেড় বছর বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। হাসান মাহমুদকে দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশ থেকে ছিটকে দিয়েছে কনুইয়ের চোট। তার এই চোটের ধরন টেনিস এলবো, যা বেশ যন্ত্রণাদায়ক বলে জানিয়েছেন ডোনাল্ড। হাসানের চোটের খবর তাকে বিস্মিত করেনি বলেও মন্তব্য করেন তিনি। ডোনাল্ড বলেন, ‘হাসানের কাউন্টি ক্রিকেটে খেলার সময়টা এবং তার আগে–পরে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার কথা ভাবুন। এরপর সে মৌসুম শেষ করতে আবার ফিরে গিয়েছিল। কেন্টের হয়ে অনেক ওভার বল করেছে এবং দারুণ পারফর্ম করেছে। তাই এমন কিছু ঘটায় আমি অবাক নই। দুর্ভাগ্যজনকভাবে, টেনিস এলবো অত্যন্ত যন্ত্রণাদায়ক।’ হাসানের সামপ্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে ডোনাল্ড বলেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে আরেকটি পাঁচ উইকেটের ইনিংসের পর দুর্দান্ত ছন্দে ছিলেন এই পেসার। তিনি বলেন, ‘হাসান মাহমুদ এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে আছে। আমার মতে, সে বিশেষ ধরনের একজন বোলার, খুবই দক্ষ। গতি খুব বেশি না হলেও বলের ওজন আছে। সে বাংলাদেশের ভরসার বোলার।’ হাসানের চোটকে শুধু একজন বোলারের অনুপস্থিতি হিসেবে দেখছেন না ডোনাল্ড। তার মতে, টানা ক্রিকেটের চাপের কারণে বাংলাদেশের পেস আক্রমণের গভীরতা নিয়েও এখন প্রশ্ন তৈরি হয়েছে। এর আগে নাহিদ রানার চোটও বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। ডোনাল্ড বলেন, ‘এখন বাংলাদেশের জন্য এটা বড় ধাক্কা। হাসান ছিটকে যাওয়ায় এখন কে আসবে? তাসকিন আছে, ইবাদত আছে। তবে ইবাদতকে কিছুটা অস্বস্তিতে মনে হয়েছে। আমি যদি বাংলাদেশের ড্রেসিংরুমে বসে থাকতাম, তাহলে সামনে কী হবে, তা নিয়ে উদ্বিগ্ন হতাম।’ নাহিদ রানার চোটও গুরুতর বলে উল্লেখ করেন ডোনাল্ড। তার মতে, হাসান ও নাহিদের মতো গুরুত্বপূর্ণ বোলাররা যখন চোটে পড়েন, তখন দলের জন্য বিকল্প তৈরি রাখা জরুরি হয়ে পড়ে।












