ত্রিদেশীয় সিরিজে গ্রুপ পর্বে আগের ম্যাচে হারলেও লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। ১৬৯ রানে অলআউট করে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বল হাতে পাঁচ উইকেট নিয়ে প্রোটিয়াদের ব্যাটিংয়ে ধস নামান রোহানাত দৌলা বর্ষণ। পরে ব্যাট হাতে শাহাদাত হোসেন দিপু ও মাহফিজুল ইসলাম রবিনের দৃঢ়তায় সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। লিগ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। লিগ পর্বের সব খেলা শেষে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেরা দল হয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচ খেলে একটিও জয় পায়নি টুর্নামেন্টের আরেক দল ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকাকে (ইউএসএসএ)। আগামী ১২ আগস্ট প্রিটোরিয়ার টুকস ওভালে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। গতকাল রোববার আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের বলে জুমা এবং আবু হাসিমের বলে ৫০ বলে ২৫ রান করা জেপি কিং ফিরলে বিপাকে পড়ে প্রোটিয়ারা। এরপর বল হাতে দাপট দেখান বর্ষণ। সেলেটসওয়ানেকে ১০ বলে কোনো রান করার আগেই ফিরিয়ে শুরু করেন নিজের দারুণ স্পেল। পরের ওভারে ড্যানিয়েল স্মিথ ও পিরিকেকে গোল্ডেন ডাকে ফিরিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের ভিত আরও নড়বড়ে করে দেন তিনি। তবে মাইকেল ফন বুরেন ও এঙ্গেলব্রেক কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। বুরেন ১০৬ বলে ৭৩ রান করে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। এঙ্গেলব্রেক করেন ৫৮ বলে ৪৫ রান। তাদের চেষ্টা অবশ্য দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। ৪৪ ওভারে ১৬৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
জবাবে শুরুতেই জাকির হাসানকে ২০ রানে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন রবিন ও দিপু। দুজনের ব্যাটে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে বাংলাদেশের হাতে। রবিন ১০০ বলে ৬১ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন দিপু। শেষ পর্যন্ত ৭১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তার সঙ্গে ৮ রানে অপরাজিত থাকেন ইফতেখার হোসেন ইফতি। দিপুর দায়িত্বশীল ব্যাটিংয়ে মাত্র ৩৮.৩ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ইমার্জিং দল। বাংলাদেশের হয়ে বল হাতে বর্ষণ পাঁচটি, আমিনুল ইসলাম বিপ্লব দুটি এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, সামিউন বশির রাতুল ও আবু হাসিম একটি করে উইকেট নেন।












