মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়ে যাওয়ায় গতকাল সোমবার মার্কিন অপরিশোধিত তেলের দাম বেঞ্চমার্কে ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এপ্রিলের শুরু থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। খবর বাসসের।
যুক্তরাষ্ট্রের প্রধান তেল বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ৯০ দশমিক ১৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ৬ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৬ দশমিক ২৭ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ বাজারে সরাসরি প্রভাব ফেলেছে। ইরান অভিযোগ করেছে, ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজে মার্কিন যুদ্ধজাহাজ হামলা চালিয়েছে এবং এতে দেশটি পাল্টা প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে। একই সঙ্গে ৮ এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি ভেঙে গেছে বলে তেহরান দাবি করেছে। বাজার বিশ্লেষক ক্রিস ওয়েস্টন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সামপ্রতিক পোস্টগুলো সামরিক উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে। তিনি বলেন, মার্কিন বাহিনী একটি ইরানি জাহাজ জব্দ করার খবর এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার ঘোষণার পর বাজারে অস্থিরতা বেড়েছে।














