এক্স তদন্তে ইলন মাস্ককে ফ্রান্সে তলব

| মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) নিয়ে ফ্রান্সে চলমান একটি তদন্তের অংশ হিসেবে কোটিপতি ইলন মাস্ককে সোমবার প্যারিসে একটি স্বেচ্ছামূলক সাক্ষাৎকারের জন্য তলব করা হয়েছে। খবর বাসসের।

তবে তিনি সেখানে উপস্থিত হবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ফরাসি কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারিতে মাস্ককে এই তলবপত্র জারি করে। মূলত ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে এটি করা হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে এক্সএর অ্যালগরিদম ফরাসি রাজনীতিতে হস্তক্ষেপ করতে ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে এই তদন্তের পরিধি আরও বাড়ানো হয়। এর মধ্যে যুক্ত করা হয়েছে এক্সএর এআই চ্যাটবট গ্রোকএর মাধ্যমে হলোকাস্ট অস্বীকার ও যৌনতাপূর্ণ ডিপফেক (এটি এমন এ ধরনের ভিডিও বা ছবি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও মুখ অন্য কারও শরীরে বসিয়ে যৌন বা অশালীন কনটেন্ট তৈরি করা হয়) প্রচারের বিষয়টি। ফেব্রুয়ারির শুরুতে ফরাসি প্রসিকিউটররা এক্সএর প্যারিস অফিসে তল্লাশি চালায়। প্যারিস থেকে এএফপি খবর জানিয়েছে।

এই সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছে এবং এই অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ‘বিচারিক ক্ষমতার অপব্যবহার বলে নিন্দা জানিয়েছে। সেই সময় প্যারিস প্রসিকিউটররা মাস্ক ও তৎকালীন সিইও লিন্ডা ইয়াকারিনোকেও স্বেচ্ছামূলক সাক্ষাৎকারের জন্য তলব করেছিলেন। ঘটনার সময় এক্স প্ল্যাটফর্মের কার্যত ও আইনত ব্যবস্থাপক হিসেবে তাদের তলব করা হয়, যাকে মাস্ক একটি রাজনৈতিক আক্রমণ বলে অভিহিত করেছিলেন।

উল্লেখ্য, দুই বছর দায়িত্ব পালনের পর গত বছরের জুলাই মাসে ইয়াকারিনো এক্সএর সিইও পদ থেকে পদত্যাগ করেন। গত ফেব্রুয়ারিতে প্যারিসের প্রসিকিউটর লর বেকুয়াও জানিয়েছিলেন, এক্সএর কর্মচারীদেরও ২০ থেকে ২৪ এপ্রিলের মধ্যে সাক্ষী হিসেবে শুনানির জন্য উপস্থিত হতে বলা হয়েছে। শনিবার প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, স্বেচ্ছায় জিজ্ঞাসাবাদের জন্য আমন্ত্রিত ব্যক্তিরা হাজির হন বা না হন, তা তদন্তের ধারাবাহিকতায় কোনো বাধা হবে না। কর্মকর্তারা মাস্কের নির্ধারিত সাক্ষাৎকারের স্থান বা সময় সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি। ফরাসি তদন্তটি বেশ কিছু সন্দেহভাজন ফৌজদারি অপরাধের ওপর গুরুত্ব দিচ্ছে।

এই অপরাধগুলোর মধ্যে রয়েছ্তে শিশু যৌন নির্যাতনের উপাদান (ছবি/ভিডিও) দখলে রাখা সংক্রান্ত অপরাধে সহযোগিতা বা জড়িত থাকা ও মানবতার বিরুদ্ধে অপরাধ অস্বীকার করা। গত জুলাইয়ে কোম্পানিটি এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছিল। গ্রোকএর বিরুদ্ধে ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে এই ফরাসি তদন্তটি চলছে। অভিযোগ উঠেছে যে ব্যবহারকারীরা সাধারণ টেক্সট প্রম্পট ব্যবহার করে নারী ও শিশুদের আপত্তিকর ছবি তৈরি করতে পারছে। একটি পৃথক তদন্তে, ব্রিটেনের ডেটা রেগুলেটর গত ফেব্রুয়ারিতে মাস্কের এক্স ও এক্সএআইএর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। গ্রোকএর মাধ্যমে যৌনতাপূর্ণ ডিপফেক তৈরির ক্ষেত্রে কোম্পানিগুলো ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন মেনে চলেছে কি না, তা নিয়ে গুরুতর উদ্বেগ থেকে এই তদন্ত শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধতেলের দাম ৭.৫ শতাংশ বৃদ্ধি, বিশ্ববাজারে অস্থিরতা
পরবর্তী নিবন্ধইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২ ব্যক্তিকে ফাঁসি দিল ইরান