মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বিএফএসএ জানায়, সংশ্লিষ্ট খাদ্যপণ্যগুলো হলো– ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’। খবর বাসসের।
কর্তৃপক্ষ সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানকে বাজার থেকে এসব খাদ্যপণ্য অবিলম্বে প্রত্যাহার এবং বিপণন বন্ধের নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্যের স্বার্থে বিএফএসএ সর্বসাধারণকে উল্লিখিত খাদ্যপণ্যগুলো ক্রয় বা গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।












