চবি নাট্যকলা বিভাগের উদ্যোগে আগামী ২৯ জুন থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী নাট্যোৎসব। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মেলাটি প্রতিদিন বিকাল ৫ টায় শুরু হবে। ‘আগামীর মঞ্চ : জিয়া হায়দার নাট্যমেলা ২০২৬’ শিরোনামে নাট্যকলা বিভাগের নাট্যমেলাটি দেশের একাডেমিক নাট্যচর্চার প্রতিকৃত প্রয়াত নাট্যকার, শিক্ষক ও কবি জিয়া হায়দারকে উৎসর্গ করা হয়েছে। নাট্যমেলার উদ্বোধনী দিন ২৯ জুন সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে জিয়া হায়দার রচিত এবং ঋজু লক্ষ্মী অবরোধের নব–নাট্যরূপে নির্মিত ‘উম্মাদ সাক্ষাৎকার’ নাটকটি, নির্দেশনায় রয়েছেন বিলকিস জাহান ইয়াসমিন, সাদিয়া আফরিন, ইন্দ্রজিৎ শীল, শাহরিয়ার শাকিল, রিয়াদূস সালেহিন। একই দিন রাত ৮টায় মঞ্চস্থ হবে সাঈদ আহমদ রচিত ‘তৃষ্ণায়’। নাটকটি নির্দেশনা দিয়েছেন মেহেদী নূর, উজ্জ্বয়নী রায়, গোলাম মাহমুদ, মাহমুদুল হাসান ও মেহেদী হাসান শ্যামল। উৎসবের দ্বিতীয় দিন
৩০ জুন সন্ধ্যা ৬টায় পরিবেশিত হবে জিয়া হায়দার রচিত নাটক ‘শুভ্র সুন্দর কল্যাণী আনন্দ’। নির্দেশনায় রয়েছেন, রাশিফ বিন ফাহিম, লক্ষ্মী চাকমা, মাসুমা আক্তার মীম, আফিয়া তাহমিন জেরিন, ফাইরুজ সাদেক ও মেহেদী হাসান সাদী। একই দিন রাত ৮টায় মঞ্চস্থ হবে রাশিয়ান লেখক ইয়ারোস্লাভা পুলিনোভিচের নাতাশাস ড্রিম অবলম্বনে সনজিত কুমার দে’র নব নাট্যরূপকৃত নাটক ‘আকাশ কেন ডাকে’, নির্দেশনায় সাইমা সাদিয়া, সাইকা শরীফ, রাফিদ বসুনিয়া, এস এম শফিক, তাসরিব আহমেদ ও রিফাহ্ তাসনিয়া অহনা। নাট্যমেলার শেষ দিন ১ জুলাই সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে আন্তন চেখভের কালজয়ী নাটক ‘দ্য বিয়ার’। নাটকটির নির্দেশনায় রয়েছেন সাদিয়া শাহনেওয়াজ, খন্দকার মমতাহান, মাহমুদুল হাসান, আব্দুল হামিদ মির্জা ও আন্তাজ আলী। রাত ৮টায় মঞ্চস্থ হবে নিকোলা এরডম্যান রচিত ‘দ্য সুইসাইড’, নির্দেশনায় দিয়েছেন সালোয়া তাবাসসুম, আফিয়া ইবনাত ওয়াফা, মানতাশা শাহরিন মিম, নয়ন মিয়া ও ইসমাইল হোসেন। নাট্যপ্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন আয়োজন করা হয়েছে পুতুলনাট্য, নাট্যজনদের ওপর শিক্ষার্থীদের নির্মিত তথ্যচিত্র, নাটকের পোস্টার, সেট ও কস্টিউম প্রদর্শনী। নাট্যমেলার উদ্বোধন হবে ২৯ জুন বিকেল ৫টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমিন। উদ্বোধন করবেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। ১ জুলাই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. আল্ ফোরকান। অতিথি থাকবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফিল শাহীন।










