চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে প্রায় প্রায় তিন কোটি টাকা দামের দেড় কেজি ওজনের স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামের এক বিমানযাত্রীকে আটক করা হয়েছে। জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসে তিনি বিমানবন্দর থেকে গ্রিন চ্যানেল ধরে বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিমানবন্দর কাস্টমস তার লাগেজ এবং শরীর তল্লাশি করে স্বর্ণালংকারগুলো উদ্ধার করে এবং যাত্রীকে আটক করা হয়।
আটক যাত্রী মো. শরীফ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা।
উদ্ধার করা ১ হাজার ৪৮২ গ্রাম ওজনের স্বর্ণালংকারের বিপরীতে শুল্ক–করসহ মোট রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা বলে কাস্টমস জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বন্দরের গণসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল।
বিমানবন্দর সূত্র জানায়, রবিবার বেলা ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ইএ–১৩৬–এ চট্টগ্রাম পৌঁছান মোহাম্মদ শরীফ। এ সময় এরাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে নজরদারিতে রাখেন।
পরবর্তীতে বিমানবন্দর কাস্টমস, ডিজিএফআই, এনএসআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার যৌথ তত্ত্ববাধানে তার হ্যান্ডব্যাগ ও পরিহিত পোশাকে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে চুড়ি আকৃতিতে আনা প্রায় ১৪শ ৮২ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, উদ্ধারকৃত স্বর্ণ কাস্টমসের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। অবৈধ উপায়ে স্বর্ণ পরিবহনে জড়িত থাকার অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে চোরাচালান মামলা দায়ের করে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।












