তামিল নাড়ুতে সরকার গড়তে কংগ্রেস ও বামদের সাহায্য চাইলেন বিজয়

| বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৯:৩৪ পূর্বাহ্ণ

প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাত করা দক্ষিণী চলচ্চিত্রের ব্লকবাস্টার নায়ক জোসেফ বিজয় চন্দ্রশেখর তামিল নাড়ুতে সরকার গড়তে কংগ্রেস ও বামদের দ্বারস্থ হয়েছেন। খবর বিডিনিউজের।

গত মাসের নির্বাচনে দক্ষিণের রাজ্যে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে বিজয়ের তামিলাগা ভেত্রি কড়গম (টিভিকে)। এর মাধ্যমে তারা তামিল নাড়ুতে ছয় দশক ধরে থাকা দ্রাবিড় মুনেত্র কাজাগম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজাগমের (এআইএডিএমকে) আধিপত্য ভেঙে দিয়েছে। সরকার গড়তে রাজ্যটির বিধানসভায় ১১৮টি আসন লাগে, টিভিকে জিতেছে ১০৮টি। বাকি ১০টি আসনের জন্য তারা এখন ডিএমকে জোটের অংশীদারদের দিকে ঝুঁকছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। ২৩৪ আসনের বিধানসভায় এবার ডিএমকে জিতেছে ৫৯টি। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) বড় অংশীদার এআইএডিএমকে জিতেছে ৪৭টি আসন। কংগ্রেস পেয়েছে ৫টি। বামদের মধ্যে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই) ২টি, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট)-সিপিআইএম ২টি এবং বামঘরানার বিধুতালাই চিরুতাইগাল কাটচি (ভিসিকে) পেয়েছে ২টি। এই চার দলের বিধায়কদের পেলে সরকার গড়তে ম্যাজিক মার্ক টপকে যেতে পারবে টিভিকে। কংগ্রেস এরই মধ্যে তাদের সমর্থন দেওয়ার কথা নিশ্চিত করেছে।

তবে এক্ষেত্রে একটি শর্তও জুড়ে দিয়েছে তারা। সেটি হল, টিভিকে যদি কোনো সামপ্রদায়িক দলকে সমর্থন করে তবে তারা তাদের সমর্থন প্রত্যাহার করে নেবে।

তবে টিভিকের একটি অংশ এআইএডিএমকের প্রধান এডাপ্পাডি কে পালানিস্বামীর সঙ্গে চেন্নাইয়ে তার বাসভবনে গিয়ে দেখা করেছেন বলেও জানতে পেরেছে এনডিটিভি। ঘটনায় বিজেপিমিত্র হিসেবে পরিচিত এআইএডিএমকের ভেতরকার বিরোধও সামনে এসেছে। এপ্রিলের নির্বাচনে থালাপতি নামে বেশি পরিচিত বিজয় ট্রিচি ইস্ট ও পেরামবুরদুই আসন থেকে লড়েই জিতেছেন। একাধিক সূত্র জানিয়েছে, তিনি ট্রিচি ইস্ট আসনটি ছেড়ে দিতে পারেন, সেক্ষেত্রে ওই আসনে পুননির্বাচন হবে।

পূর্ববর্তী নিবন্ধড. মইনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধকাটিরহাট বাজারে জলাবদ্ধতা নিরসনে অভিযান, জরিমানা