আইসিসির বোর্ড সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিসিবির নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে বাংলাদেশে আসবেন আইসিসির প্রতিনিধি দল। তবে দুই সদস্যের প্রতিনিধি দল আসলে ততক্ষণে ঢাকায় পৌঁছেই গেছেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মেদ মুসাজে ও জিম্বাবুয়ে ক্রিকেটের তাভেঙ্গুয়া মুকুলানি আছেন এই প্রতিনিধি দলে। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবি নির্বাচনী প্রক্রিয়াসহ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন আইসিসি বোর্ডের এই দুই প্রতিনিধি। বিসিবি অবশ্য রোববারই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল প্রতিনিধি দলের আসার খবর। তবে সুনির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করা হয়নি সেখানে। ‘বিসিবি জানতে পেরেছে যে, আগামী সময়টায় আইসিসির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে। এই সফরকালে প্রতিনিধিদলটি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে এবং আইসিসি বোর্ডকে অবহিত করার জন্য তথ্য সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে।’ সফর শেষে মঙ্গলবার রাতে প্রতিনিধি দল ঢাকা ছাড়তে পারে বলে জানা গেছে। বিসিবি নির্বাচন আগামী রোববার।












