ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়ে বিপিএলের প্লেঅফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ঢাকা। টুর্নামেন্টে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে ঢাকা ক্যাপিটালসও বাদ পড়া দলের তালিকায় যোগ দিয়েছে। অন্যদিকে রংপুরের আগে প্লেঅফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। টস জিতে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্স ৪ উইকেটে করেছে ১৮১ রান। ওপেনিং জুটিতে ডেভিড মালান ও তাওহীদ হৃদয় বড় স্কোরের ভিত গড়ে দেন। জবাবে ঢাকাকে ৭ উইকেটে ১৭০ রানে আটকে দেয় রংপুর। ওপেনিং জুটিতে মাত্র ১১.৩ ওভারে দলীয় স্কোর ১০০ রান স্পর্শ করে রংপুর। বড় স্কোরের ইঙ্গিত দিলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ফিফটি করার পর মালান ও হৃদয়ের ব্যাটে ধার কমে গেলে ম্যাচে ফেরার সুযোগ পায় ঢাকা। শেষ দিকে ঢাকার বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে শেষ তিন ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেয়। ফলে ২০০ রানের নিচেই থামে রংপুর। মালান ৪৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৮ রানে ফিরলে ভাঙে ১২৬ রানের জুটি। ম্যাচসেরাও তিনি। হৃদয় ৪৬ বলে ৫চার ও ৪ ছক্কায় খেলেছেন ৬২ রানের ইনিংস। ৩৩ রানে ঢাকার হয়ে ২টি উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। লক্ষ্য তাড়া করতে নেমে উসমান খান ও সাইফ হাসান ঝড়ো সূচনা এনে দিলেও পাওয়ারপ্লের আগে ও পরে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। উসমান ১৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩১ রানে ফিরেছেন। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেন ধীরগতির ব্যাটিংয়ে রান তাড়াকে আরও কঠিন করে তোলেন। শেষ দিকে সাইফউদ্দিনের অপরাজিত ৩০ বলে ৫৮ ও ইমাদ ওয়াসিমের ১৪ বলে ২০ রানের ইনিংস ব্যবধান কমালেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। সাইফউদ্দিনের ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। রংপুরের হয়ে ডানহাতি পেসার নাহিদ রানা ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া ফাহিম আশরাফ পান ২টি উইকেট।

পূর্ববর্তী নিবন্ধশারীরিক শিক্ষা কলেজে কাবাডি রেফারিজ ট্রেনিং কোর্স সমাপ্ত
পরবর্তী নিবন্ধবান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ক্রীড়া সম্পন্ন