ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সক্রিয় সহযোগিতা গুরুত্বপূর্ণ

ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচিতে মেয়র

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:২৫ পূর্বাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরে কাজীর দেউড়িতে পরিষ্কারপরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচিতে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ময়লাআবর্জনা পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর করণীয় সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

গতকাল শনিবার এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোশেনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও মহানগর যুব সংগঠক আলিফ উদ্দিন রুবেলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের কার্যক্রম যথেষ্ট নয়; নগরবাসীর সক্রিয় সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে নিয়মিত নজর রাখতে হবে। তিনি বলেন, আমরা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে সিটি কর্পোরেশনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আলিফ উদ্দিন রুবেল বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতাই সবচেয়ে বড় শক্তি। প্রত্যেককে নিজ নিজ ঘর, ছাদ, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। জনগণের পাশে থেকে এ ধরনের জনসচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমহানবীর (দ.) আদর্শ ধারণ করতে পারলে জীবন ধন্য ও সার্থক হবে
পরবর্তী নিবন্ধপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে মালিক-শ্রমিক সবাইকে দায়িত্বশীল হতে হবে : মেয়র