রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক র্যালি গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচি উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) খন্দকার নাজনীন সেতু। তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সচেতনতা ও পরিবেশের পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি জরুরি। প্রত্যেকে নিজ নিজ আঙিনা ও কর্মক্ষেত্র পরিষ্কার রাখলে ডেঙ্গুর জীবাণুবাহী মশার বংশ বৃদ্ধি রোধ করা সম্ভব।
অভিযানকালে চট্টগ্রাম–কাপ্তাই সড়ক এবং চন্দ্রঘোনা লিচুবাগান বাজারের বিভিন্ন গলি, ড্রেন ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশের এলাকা পরিষ্কার–পরিচ্ছন্ন করা হয়। সাধারণ মানুষকে সচেতন করতে বাজারের প্রধান প্রধান সড়কে র্যালিও বের করা হয়।
অভিযানের সার্বিক নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সিকদার। এছাড়া চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়েব কাদেরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।












